চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান বলেছেন, যারা গত ১৭ বছরে আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে ব্যবসায়িক ও রাজনৈতিক সুবিধা নিয়েছেন, তারা আর বিএনপির ছায়ায় থাকতে পারবেন না। সদস্য নবায়নের সময় ফরম সংগ্রহকারীদের সতর্ক করে তিনি বলেন, "যদি কোনো অনুপ্রবেশকারীর নাম সদস্য তালিকায় উঠে, তার দায় সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তকেই নিতে হবে।"
মঙ্গলবার (৩০ জুন) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি লুসাই পার্কে আনোয়ারা-কর্ণফুলীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় মোস্তাফিজুর রহমান বলেন, রাষ্ট্র মেরামতের জন্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেছেন, তা বাস্তবায়িত হলে দেশে কোনো বৈষম্য থাকবে না। জনগণের ভাগ্যোন্নয়ন এবং একটি মানবিক রাষ্ট্র গঠনই বিএনপির মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে বিএনপি বিশ্বাস করে, দেশের প্রকৃত ক্ষমতার উৎস জনগণ। আওয়ামী লীগ গত ১৭ বছরে যে কর্তৃত্ববাদী শাসন চাপিয়ে দিয়েছে, বিএনপি তার বিরুদ্ধে মানুষের পক্ষে অবস্থান নিয়েছে এবং নেবে।
আনোয়ারা-কর্ণফুলীকে ঘিরে তার স্বপ্নের কথা জানিয়ে মোস্তাফিজ বলেন, উপকূলীয় অঞ্চলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, পারকি সৈকতকে আধুনিক পর্যটন কেন্দ্রে রূপান্তর, তরুণদের কর্মসংস্থানে উদ্যোগ এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন—এসবই তার পরিকল্পনায় রয়েছে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মুহাম্মদ আলম খান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, ছাত্রদল নেতা আসাদুজ্জামান সাজ্জাদ, মো. সেলিমসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা।