চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথসমূহ—ডাঙ্গারচর-সল্টগোলা ঘাট, ৯নং ঘাট, মাতব্বর ঘাট, বাংলা বাজার ঘাট, ইছানগর ঘাট, পুরাতন ব্রিজ ঘাট সহ একাধিক খেয়া ঘাটে হঠাৎ করে ভাড়া বৃদ্ধির পাঁয়তারা শুরু হলে তীব্র জনরোষ দেখা দেয়। নদী পারাপারে নির্ভরশীল কয়েক হাজার যাত্রী এই ভাড়া বৃদ্ধিকে ‘জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র’ হিসেবে অভিহিত করেন। এরই প্রতিবাদে শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় ডাঙ্গারচরের ১নং ওয়ার্ডের ঘাটসংলগ্ন এলাকায় আয়োজিত হয় এক গণবিক্ষোভ ও প্রতিবাদী জমায়েত, যাতে অংশ নেয় হাজারো সাধারণ মানুষ।
প্রতিদিন কর্ণফুলী নদীর দুই পাড়ে চলাচলকারী হাজার হাজার যাত্রী—যাদের মধ্যে রয়েছে কৃষক, দিনমজুর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মজীবী নারী-পুরুষ ও ক্ষুদ্র ব্যবসায়ী—তারা নির্ভর করেন খেয়া নৌকার উপর। অথচ গত কয়েক বছরে বারবার ভাড়া বৃদ্ধির ফলে এই মানুষদের যাতায়াত খরচ বেড়ে গেছে কয়েক গুণ।
প্রতিবাদ সভায় বক্তারা জানান, “২০১৯ সালে যে খেয়া ভাড়া ছিল ৬ টাকা, তা নানা অজুহাতে বেড়ে গিয়ে এখন ২০ টাকা হয়েছে। অথচ ঘাটের উন্নয়ন, যাত্রী ছাউনি, নিরাপত্তা ব্যবস্থা—কোনো কিছুতেই উন্নতি নেই। বরং ঘাটগুলো আরও জরাজীর্ণ হয়ে পড়েছে। এই চরম অব্যবস্থাপনার মধ্যেই জনগণের ঘাড়ে চাপানো হচ্ছে অতিরিক্ত বোঝা।”
বক্তারা সিটি কর্পোরেশনের ভূমিকাকে দায়ী করে বলেন, “ঘাট ইজারার নামে দলীয় লোক বসিয়ে একপ্রকার নতুন চাঁদাবাজি চালু করেছে তারা। জনগণের কষ্টের টাকা থেকে রাজস্ব নিলেও ঘাট সংস্কারে তাদের কোনো নজর নেই।”
তারা আরও অভিযোগ করেন, কিছু ঘাটে পাটনীজীবিদের সরিয়ে দিয়ে রাজনৈতিক প্রভাবশালীরা ঘাট দখলে নিচ্ছে, যার ফলে ভাড়া বৃদ্ধির পাশাপাশি সাধারণ যাত্রীদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে অতিরিক্ত খরচ ও হয়রানি।
আন্দোলনকারীরা ঘোষণায় বলেন, “আজ থেকেই খেয়া ভাড়া নির্ধারণ করতে হবে সর্বোচ্চ ১০ টাকা। ঘাট সংস্কারের পর সেটি ১৫ টাকা পর্যন্ত হতে পারে, এর বেশি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
তারা প্রশাসনকে সতর্ক করে বলেন, “যদি কোনো গোপন সিন্ডিকেট বা ষড়যন্ত্র করে আবার ভাড়া বাড়ানোর চেষ্টা করা হয়, তবে তা গণআন্দোলনের সাইক্লোনে রূপ নেবে।”
সভায় বলা হয়, কর্ণফুলীর দক্ষিণ পাড়ের জনপদের মানুষ বছরের পর বছর কোটি কোটি টাকা রাজস্ব দিয়ে আসছে। কিন্তু তাদের দুর্ভোগ, নিরাপত্তা, এবং অধিকার নিয়ে কেউ ভাবেনি।
সমাবেশে সভাপতিত্ব করেন ডাঙ্গারচর নিরাপদ নৌ যাত্রী পারাপার কল্যাণ সমিতির আহবায়ক আবদুল মোতালেব, এবং সঞ্চালনা করেন শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন।
বক্তব্য রাখেন—জুলধা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোহাম্মদ মুছা, সাধারণ সম্পাদক মোঃ জমির, সমাজসেবক মোহাম্মদ হারুন, বিএনপি নেতৃবৃন্দ সোলায়মান মিয়াজী, মোঃ হারুন, মোহাম্মদ হোসেন, শিপ্রা রানী দে, ছাত্রনেতা সেলিম রেজা, শিক্ষক কায়সার, রিফাত, রাফাত, ব্যাংকার আবদুল হালিম, যুবদল নেতা সাদ্দাম, জসিম মিয়াজী, ইঞ্জিনিয়ার হেলাল, গফুর, তাহসান, আসিফ, আশরাফুল, এবং আরফান সাগরসহ অনেকে।
তারা বলেন, “এই আন্দোলন কোনো দলের নয়, এটি জনগণের অধিকার রক্ষার আন্দোলন। খেয়া ঘাটে নৈরাজ্য রোধ ও ভাড়া নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ চাই।”
বিক্ষোভের প্রেক্ষাপটে এখন কর্ণফুলী নদীর প্রায় প্রতিটি খেয়া ঘাটে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের আন্দোলন ছড়িয়ে পড়তে পারে। প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।