চট্টগ্রামের কর্ণফুলীতে চোরাই সিএনজি অটোরিকশাসহ মো. আবুল কালাম (৩৩) নামের একাধিক মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) রাত ২টার দিকে উপজেলার সিডিএ টেক এলাকা থেকে তাকে একটি চোরাই সিএনজিসহ আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
গ্রেপ্তারকৃত আবুল কালাম চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের মোল্লাপাড়া এলাকার বাসিন্দা। পেশায় সিএনজি চালক হলেও দীর্ঘদিন ধরে তিনি চোরাই সিএনজি কেনাবেচায় জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবুল কালামকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, সে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে চোরাই সিএনজি সংগ্রহ করে সেগুলো বিক্রি করত। তার বিরুদ্ধে পটিয়া, সাতকানিয়া ও সীতাকুণ্ড থানায় একাধিক মামলা রয়েছে।
আবুল কালামের বিরুদ্ধে কর্ণফুলী থানায় নতুন করে মামলা দায়ের করে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।