চট্টগ্রামের কর্ণফুলী থানার বড়উঠান ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শাহমিরপুর গ্রামে খেলাধুলাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় ৮ মাসের এক শিশু নিহত হয়েছে। রবিবার (২ মার্চ) প্রথম রমজানের ইফতারের পূর্ব মুহূর্তে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আসরের নামাজের পর কয়েকজন শিশু খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত রানা নামের এক যুবক তার ছেলের সঙ্গে খেলার অভিযোগে অন্য শিশুদের মারধর করেন। আবির উদ্দিন রোহানের বাবা মো. রুবেল বাধা দিলে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। এসময় রানা ছাড়াও আরও কয়েকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ থামাতে নিহত শিশুটির মা কোলে বাচ্চা নিয়ে এগিয়ে গেলে হট্টগোলে শিশুর গায়ে আঘাত লাগে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ জানান, "শিশু নিহতের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।"