চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন সংবিধান প্রণয়ন, বিচার ব্যবস্থার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্ণফুলী উপজেলা শাখার উদ্যোগে এক উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার জুলধা ইউনিয়নে এ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি কর্ণফুলী উপজেলা প্রধান সমন্বয়কারী সানাউল্লাহ মির্জা। সভাপতিত্ব করেন যুগ্ম সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মো. আব্দুল কাদের। উপস্থিত ছিলেন আতিক উল্লাহ, এনামুল হক মির্জা, মো. এনাম, কাইসারুল হক সাজিদ, হায়দার আলী, আব্দুল আওয়াল রানা, জাবেদুল ইসলাম ও নওশাদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়াও গণতান্ত্রিক সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক ইশতিয়াকুল ইসলাম, আবু তালেব আকিব, আরফিন সুমন, এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের দক্ষিণ জেলা সংগঠক রায়হানুল করিম সাজিদ। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা শ্রমিক উইংয়ের যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহ আল ফয়সাল।
বক্তারা তাঁদের বক্তব্যে দেশের বিদ্যমান বিচারব্যবস্থার সংস্কার, নতুন সংবিধান প্রণয়ন এবং জনগণের অংশগ্রহণে গণপরিষদ নির্বাচন আয়োজনের দাবি জানান। তারা বলেন, দেশে রাজনৈতিক সংস্কার ছাড়া জনগণের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ সম্ভব নয়।
সমাপনী বক্তব্যে প্রধান সমন্বয়কারী সানাউল্লাহ মির্জা বলেন, “নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক কর্ণফুলী গঠনই আমাদের মূল লক্ষ্য। জনগণের অধিকার ও ন্যায়ের ভিত্তিতেই নতুন রাজনৈতিক পরিবর্তনের সূচনা হতে হবে।”
উঠান বৈঠক শেষে এনসিপি নেতৃবৃন্দ স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের মতামত ও প্রত্যাশা শোনেন। গণসংযোগের মাধ্যমে জনগণের দাবি-দাওয়ার বিষয়গুলোকে ভবিষ্যৎ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন দলীয় নেতারা।