সিএমপি কর্ণফুলী থানাধীন দক্ষিণ শিকলবাহা ৫ নম্বর ওয়ার্ড এলাকায় রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ মার্চ) ভোরে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত ১৭ মার্চ রাত আনুমানিক ২:৪৫টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের তালতলা থেকে টাওয়ারের গোড়া পর্যন্ত হাতে লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে রাষ্ট্রবিরোধী শ্লোগানসহ জনমনে আতঙ্ক সৃষ্টি করে মিছিল করে আসামিরা। পরে কর্ণফুলী থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা (মামলা নং-২১, তারিখ-১৮/৩/২০২৫) দায়ের করা হয়।
মামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও পর্যালোচনা করে কর্ণফুলী থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতাররা হলেন—মো. জিহাদ হোসেন (১৯), মো. রাকিব হোসেন (১৯), মো. জলিল আহমেদ রকি (২৪) ও রেদোয়ান হোসেন ওরফে হৃদয় (১৯)। তারা চট্টগ্রামের খুলশী, সদরঘাট, পাঁচলাইশ ও চন্দনাইশ থানা এলাকার বাসিন্দা। গ্রেফতারের পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার চেষ্টার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের অন্যান্য সহযোগীদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।