চট্টগ্রামের কর্ণফুলীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গভীর রাতে বেনসন নাসির নামে এক ব্যক্তির নির্মাণাধীন ভবনে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন খোয়াজনগর ৪ নং ওয়ার্ড হাজেরা বাপের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় কেয়ারটেকারকে জিম্মি করে ভবনের ছাদে ভাঙচুর চালানো হয়। স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।
ভুক্তভোগী মো. নাসির উদ্দিন (৩৮) ওরফে বেনসন নাসির জানান, পৈতৃক জমির ওপর ২০২০ সালে একটি ভবন নির্মাণ কাজ শুরু করেন তিনি। আর্থিক সংকটের কারণে কাজ দীর্ঘদিন ধরে ধীরগতিতে চলছিল। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে ভবনের প্রথম ছাদ ঢালাইয়ের প্রস্তুতি নেওয়া হলে ডায়মন্ড সিমেন্ট লিঃ এর
পরিচালক আজিম আলী ওরফে আজিম সাহেব উক্ত জমির মালিকানা দাবি করে আদালতে মামলা করেন। আদালতের নিষেধাজ্ঞার পর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। সেই অসমাপ্ত ভবনেই মঙ্গলবার গভীর রাতে সন্ত্রাসীরা হামলা চালায়।
প্রত্যক্ষদর্শী ও কেয়ারটেকার জকির আহমেদ (২৬) বলেন, “রাতে পাহারারত অবস্থায় হঠাৎ ৭-৮ জন মুখোশধারী যুবক হাতে রামদা ও লোহার রড নিয়ে ভবনে ঢুকে পড়ে। তারা আমাকে জিম্মি করে এবং ভাঙচুর চালায়। কোনো আওয়াজ তুললে টুকরো করে ফেলার হুমকি দেয়।”
স্থানীয় সিএনজি চালক শাহ আলম (৫০) জানান, “ভবনের ছাদে ভাঙচুরের শব্দ শুনে বাইরে বের হই। তখন ২-৩ জন অস্ত্রধারী যুবক আমাকে হুমকি দেয় কিছু না বলতে। বিকেলে হায়দার আলী রনির বাংলায় বৈঠকের কথাও বলেছিল তারা।”
অন্য প্রত্যক্ষদর্শী সাম্পান মাঝি ছাবের আহমেদ ও গৃহবধূ নুরতাজ বেগম জানান, “ভবনের ছাদ থেকে শব্দ শুনে বাইরে আসি। দেখি কয়েকজন যুবক হাতে ধারালো অস্ত্র নিয়ে ভেতরে প্রবেশ করছে। তারা ভবন ভাঙচুর করে ও নাসিরের ওপর হামলার চেষ্টা করে। আমরা চিৎকার করলে তারা পালিয়ে যায়।”
নাসির উদ্দিন বলেন, “রাতে দেরিতে বাসায় ফিরি। কিছুক্ষণ পরই ভবনের দিক থেকে হৈচৈ শুনে বের হই। দেখি ২-৩ জন যুবক আমার দিকে রামদা নিয়ে তেড়ে আসছে। তারা হুমকি দিয়ে বলে বিকেলে রনির বাংলায় দেখা হবে।”
এ ঘটনার পর কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়রি (জিডি নং–৩৪৫) দায়ের করা হয়েছে। এ বিষয়ে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, “ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। প্রাথমিকভাবে জমি সংক্রান্ত বিরোধের সূত্রে হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্তদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”