চট্টগ্রামের কর্ণফুলীতে পৃথক অভিযানে ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট ২০২৫) সকাল ও সন্ধ্যায় কর্ণফুলী থানা এলাকা মইজ্জ্যারটেকে এই অভিযান চালানো হয়।
প্রথম অভিযানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মইজ্জ্যারটেক পুরাতন ব্রীজঘাট রোড এলাকা থেকে টেকনাফের ইয়াবা কারবারি রবিউল আলম (৩১) কে আটক করা হয়। তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কর্ণফুলী থানার মামলা নং-২০, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা হয়েছে।
অপরদিকে, একইদিন সকাল পৌনে ৭টার দিকে মইজ্জ্যারটেক গোলচত্বর সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন কক্সবাজারের ওমর ফয়সাল (২৫) এবং বগুড়ার শাহাদৎ সওদাগর জিসান (২৮)। তাদের কাছ থেকে ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কর্ণফুলী থানায় মামলা নং-২১ দায়ের করা হয়েছে।
কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ জানান, "মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সমাজকে মাদকের অভিশাপ থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"