কর্ণফুলী উপজেলা প্রতিষ্ঠার পর এই প্রথম বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের উদ্যোগে বুধবার (২৬ নভেম্বর) কর্ণফুলী উপজেলা পরিষদ মাঠজুড়ে অনুষ্ঠিত হয় এই বর্ণাঢ্য আয়োজন। দেশের সর্ববৃহৎ ডেইরি অঞ্চলের তালিকায় কর্ণফুলী উপজেলার দ্বিতীয় স্থান অর্জনের প্রেক্ষাপটে প্রদর্শনীটি এলাকাবাসী ও খামারিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। এরপর বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সজীব কান্তি রুদ্র। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব আল আমীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ডঃ বাবুল চন্দ্র নাথ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেবুন্নেছা, মৎস্য অফিসার জনাব আবদুল আলীম, যুব উন্নয়ন অফিসার সাবের আহমেদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আরাফাত হোসেন সহ উপজেলার কর্মকর্তাগণ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ডেইরি ও পোল্ট্রি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাকিবুল ইসলাম। "দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি" প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনায় বক্তারা বলেন, দেশের প্রাণিজ আমিষের নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তিভিত্তিক খামার ব্যবস্থাপনা সময়ের দাবি। তাঁরা ক্ষুদ্র খামারিদের জন্য উৎপাদন বৃদ্ধি, রোগ প্রতিরোধ, বাজার ব্যবস্থাপনা, দুধ ও মাংস প্রক্রিয়াকরণ এবং টেকসই ডেইরি সেক্টর গঠনের দিকনির্দেশনা তুলে ধরেন।
উপজেলা পরিষদ মাঠে স্থাপিত স্টলগুলোতে উন্নত জাতের গরু, ছাগল, হাঁস-মুরগি, খাদ্য ব্যবস্থাপনা প্রযুক্তি, কৃত্রিম প্রজনন, দুধ ও দুগ্ধজাত পণ্যসহ আধুনিক খামার প্রযুক্তির বিভিন্ন প্রদর্শনী দর্শনার্থীদের ব্যাপক মনোযোগ আকর্ষণ করে। খামারিদের নিজেদের পণ্য ও প্রযুক্তি উপস্থাপনের সুযোগ সৃষ্টি হওয়ায় অংশগ্রহণকারীরাও সন্তুষ্টি প্রকাশ করেন।
স্টল পরিদর্শন শেষে অতিথিগণ সফল খামারি ও প্রদর্শনী অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান করেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রদর্শনী কৃষি-খামার খাতকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কর্ণফুলী উপজেলা ভবিষ্যতে দেশে প্রাণিসম্পদ উন্নয়নে মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।