পবিত্র রমজান মাস উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণহীনভাবে বাড়ানো এবং ভেজাল খাদ্যপণ্য বিক্রির অভিযোগ দীর্ঘদিন ধরে উঠছিল। প্রশাসনের নজরদারির অভাবে সিন্ডিকেট ব্যবসায়ীরা ক্রেতাদের জিম্মি করে রেখেছিল। তবে এ বিষয়ে স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগের পর অবশেষে বাজার মনিটরিং কার্যক্রম শুরু হয়েছে।
২ মার্চ ২০২৫, রবিবার বিকাল ৪টায় চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্দেশনায় কর্ণফুলী উপজেলার ব্রিজঘাট বাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে বাজার মনিটরিং অভিযান পরিচালিত হয়। এই সময় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মূল্য তালিকা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারার লঙ্ঘনের দায়ে চারটি মামলায় মোট ৮,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে কর্ণফুলী থানার একটি পুলিশ দল সহযোগিতা করে।
উল্লেখ্য, কর্ণফুলীর বিভিন্ন বাজারে প্রশাসনের নজরদারির অভাবে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ইচ্ছেমতো বাড়াচ্ছিল। স্থানীয়দের অভিযোগ ছিল, বাজারে মূল্য তালিকা না থাকায় ক্রেতারা ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারছিলেন না। পাশাপাশি, ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রি হওয়ায় জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছিল।
প্রশাসনের এই উদ্যোগে সাধারণ ভোক্তারা কিছুটা স্বস্তি পেলেও বাজার নিয়ন্ত্রণে এটি যথেষ্ট নয় বলে মনে করছেন স্থানীয়রা। তাঁরা দাবি করেছেন, এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমবে এবং বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে।
এ বিষয়ে কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, "রমজান উপলক্ষে বাজার তদারকির কাজ শুরু হয়েছে। আমরা চাই ন্যায্যমূল্যে ক্রেতারা তাদের প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন এবং কেউ যেন অসাধু উপায়ে দাম বাড়াতে না পারে।"
স্থানীয়রা প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানালেও নিয়মিত মনিটরিং ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে বাজারে স্বাভাবিক অবস্থা বজায় থাকে এবং জনসাধারণ আর্থিক ও স্বাস্থ্যগতভাবে ক্ষতির শিকার না হন।