চট্টগ্রামের কর্ণফুলীতে সামাজিক সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এক মাদকবিরোধী সভা ও র্যালিতে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে খোয়াজনগর এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খোয়াজনগর ইয়াং স্টার ক্লাব, মানবতার ডাক সামাজিক সংগঠন ও সচেতন ছাত্র সমাজের ব্যানারে দীর্ঘদিন ধরে এলাকায় চলা মাদক ও জুয়ার প্রবণতা প্রতিরোধে এ সভা ও র্যালির আয়োজন করা হয়। সভা শেষে অংশগ্রহণকারীরা প্রতিবাদ মিছিল নিয়ে রফিকের কলোনি এলাকায় জুয়ার আসর বন্ধ করতে গেলে একদল মাদকসেবী ও জুয়াড়ি তাদের ওপর হামলা চালায়। এতে দুই-তিনজন আহত হন।
খোয়াজনগর ৫নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেনের সঞ্চালনায় আয়োজিত সভায় উপস্থিত ছিলেন চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, মুক্ত বিহঙ্গ ক্লাবের প্রতিষ্ঠাতা ও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ সেলিম খান, জামায়াতে ইসলামী নেতা জামাল মুন্সি, ব্যবসায়ী হাজী মনির আহমদ, এনসিপি কর্ণফুলীর যুগ্ম সমন্বয়ক ইমরান হোসেন তারা, এবং আপ বাংলাদেশ দক্ষিণ জেলার সদস্য সচিব মাহবুবা ইলা প্রমুখ।
স্থানীয়রা জানান, এলাকাবাসী মাদক ও জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিলে কিছু অসাধু চক্র ক্ষিপ্ত হয়ে উঠে। তারা সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করে। এতে পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তেজনাকর হয়ে পড়ে।
কর্ণফুলী থানার একটি সূত্র জানায়, হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।