চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও শক্তিশালী করা এবং জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে আয়োজিত এ সভায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, তৃণমূল পর্যায়ে চিকিৎসা সেবা সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিভিন্ন রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এবং রোগীদের জন্য বিনামূল্যে বিভিন্ন রোগ নির্ণয়ের ব্যবস্থা রয়েছে। চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী প্রয়োজনীয় ওষুধও রোগীদের মাঝে বিতরণ করা হচ্ছে। এছাড়া গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে উপজেলার প্রতিটি ইউনিয়ন সাব-সেন্টারে সপ্তাহে তিন দিন করে এমবিবিএস চিকিৎসক উপস্থিত থেকে চিকিৎসা সেবা প্রদান করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে ইউনিয়ন পর্যায়ের মানুষ দ্রুত ও সহজে চিকিৎসা সেবা পাবেন বলে আশা প্রকাশ করা হয়।
সভায় আরও জানানো হয়, উপজেলার বিভিন্ন কমিউনিটি হেলথ সেন্টারে সাধারণ স্বাস্থ্যসেবার পাশাপাশি রক্তচাপ (প্রেসার) পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, নেবুলাইজারসহ বিভিন্ন প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা চালু রয়েছে। এসব সেবার মাধ্যমে প্রাথমিক পর্যায়েই রোগ শনাক্ত করে দ্রুত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে বলে মত প্রকাশ করেন উপস্থিত কর্মকর্তারা।
এ সময় জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিভিন্ন রোগ যেমন—ম্যালেরিয়া, ডেঙ্গু, হিট স্ট্রোকসহ অন্যান্য স্বাস্থ্যঝুঁকি এবং এসব রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, জলবায়ুর পরিবর্তনের কারণে বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে। তাই মশা নিধন কার্যক্রম জোরদার করা, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, নিরাপদ পানির ব্যবহার নিশ্চিত করা এবং জনগণের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোছাম্মৎ জেবুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ডাঃ তাসিন মোস্তফা, ডাঃ আরিফা সুলতানা, ব্র্যাকের সিসিএইচ অফিসার মোঃ শাহজাহান, ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম অফিসার জান্নাতুল শামুয়া, উপজেলা স্যানিটারি অফিসার টিটু কান্তি পাল, শিকলবাহা ইউনিয়ন পরিষদের সচিব উকিল আহমদ, চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের সচিব মনোয়ারা বেগম, চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল মালেক, জুলধা ইউনিয়ন পরিষদের সচিব মিল্টন চৌধুরী এবং বড়উঠান ইউনিয়ন পরিষদের সচিব পংকজ দত্তসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোছাম্মৎ জেবুন্নেছা বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে নতুন নতুন স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। এসব ঝুঁকি মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে এবং স্বাস্থ্য বিভাগের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিয়মিত চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
সভা শেষে স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।