
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী কর্ণফুলী উপজেলার শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে ৭ম বারের মতো ফ্রি বাস সার্ভিস চালু করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্ণফুলী উপজেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন। শনিবার (৩ জানুয়ারি ২০২৬) অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের “ডি ইউনিট” ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে এই ফ্রি বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এদিন কর্ণফুলী উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোট ১১৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী এই বাস সার্ভিসের মাধ্যমে নিরাপদ ও নির্বিঘ্নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাতায়াত করেন।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কর্ণফুলী উপজেলার শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি ২০১৬ সালে যাত্রা শুরু করে। পরবর্তীতে ২০১৯ সাল থেকে সংগঠনটি সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিজস্ব অর্থায়নে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় নিয়মিতভাবে ফ্রি বাস সার্ভিস পরিচালনা করে আসছে। দীর্ঘদিন ধরে ধারাবাহিক এই উদ্যোগ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
ফ্রি বাস সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি মোহাম্মদ ওয়াসিম আকরাম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবিয়ান অ্যালামনাই সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সালেহ জুহুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যালামনাই পরিষদের সম্মানিত সমন্বয়ক ও উপদেষ্টা কামরুল ইসলাম পাভেল এবং অ্যালামনাই পরিষদের অন্যতম সমন্বয়ক ও সাবেক শিক্ষার্থী মোহাম্মদ সাইফুদ্দিন। এছাড়া অনুষ্ঠানে সংগঠনটির সাবেক সভাপতি জাবেদ হোসেন ইমনসহ বিভিন্ন সময়ের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে প্রত্যন্ত অঞ্চল থেকে আগত শিক্ষার্থীদের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো যাতায়াত ও সময় ব্যবস্থাপনা। এই ফ্রি বাস সার্ভিস শিক্ষার্থীদের মানসিক চাপ কমানোর পাশাপাশি নিরাপদ যাতায়াত নিশ্চিত করছে। ভবিষ্যতেও এই মানবিক ও শিক্ষার্থীবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইমরান হোসেন সাইম। বর্তমান শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ জাবেদসহ সাকিবুর মাহি, ফোরকান, জিয়াউর রহমান, সাকলাইন, নাইম প্রমুখ। ফ্রি বাস সার্ভিসের মতো সহযোগিতা পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উচ্ছ্বাস ও স্বস্তির অনুভূতি লক্ষ্য করা গেছে।
সংগঠন সূত্রে জানানো হয়, শুধু “ডি ইউনিট” নয়, ভবিষ্যতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের “এ”, “বি” ও “সি” ইউনিটের ভর্তি পরীক্ষার দিনগুলোতেও মাইজ্জারটেক থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত কর্ণফুলী উপজেলার শিক্ষার্থীদের যাতায়াতে এই ফ্রি বাস সার্ভিস অব্যাহত থাকবে।



