চট্টগ্রামের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় নালায় পড়ে নিখোঁজ হওয়া ৬ মাস বয়সী শিশু সেহেরিশের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ১৪ ঘণ্টা পর শনিবার (১৯ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে চাক্তাই খালের চামড়াগুদাম অংশে তার নিথর দেহ ভেসে উঠলে স্থানীয়রা তা দেখতে পান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক (চট্টগ্রাম) মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, সকালে স্থানীয়রা খালে শিশুর মরদেহ ভাসতে দেখে আমাদের খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে মরদেহটি খাল থেকে উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে খালে শিশুটির মরদেহ ভাসতে দেখে কয়েকজন যুবক পাড়ে তুলে আনেন। পরে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি নিশ্চিত করে।
উল্লেখ্য, শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে চকবাজার থানার কাপাসগোলার নবাব হোটেলের পাশে একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে হিজরা খালের নালায় পড়ে যায়। এতে রিকশায় থাকা শিশুটির মা সালমা ও দাদী আয়েশা কোনোমতে উদ্ধার হলেও শিশুটি নিখোঁজ ছিল। এরপর থেকে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নেন। দীর্ঘ ১৪ ঘণ্টার চেষ্টার পর শনিবার সকালে শিশুটির মরদেহ খালে ভেসে ওঠে।
এ হৃদয়বিদারক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, এলাকাটিতে খোলা নালা থাকায় দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। তারা দ্রুত নালাগুলো ঢেকে ফেলা ও অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত অটো রিকশা বন্ধের দাবি জানিয়েছেন।