চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন এক্সেস রোড এলাকায় প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের ওপর গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৯ মার্চ) রাত পৌনে ৩টার দিকে মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক এ হামলা চালায়। এতে দুই জন নিহত ও দুই জন আহত হয়েছেন।
নিহতরা হলেন আবদুল্লাহ ও মানিক। আহত হৃদয় ও রবিনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার আমিরুল ইসলাম জানান, দুর্বৃত্তরা প্রাইভেটকারটিকে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে এবং চলন্ত অবস্থায় গুলি চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক্সেস রোডের গুলজার বেগম মোড়ে হঠাৎই প্রচণ্ড গুলির শব্দ শোনা যায়। গুলি লাগার পর প্রাইভেটকারে থাকা চার জনই আহত হন। হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক জানান, আহত চার জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত মানিকের স্বজনরা জানান, তিনি একজন প্রাইভেটকার চালক এবং সরোয়ার নামে এক ব্যক্তির গাড়ি চালাতেন। নিহত আবদুল্লাহর পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, কারা এই হামলার সঙ্গে জড়িত এবং কী কারণে এ হামলা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।