বাংলাদেশের টেকসই উন্নয়ন ও আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তুলতে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আকতার। তিনি বলেন, “তরুণরাই এগিয়ে এলে এগিয়ে যাবে বাংলাদেশ। এ দেশ অত্যন্ত সম্ভাবনাময়। দেশকে বাঁচাতে হলে শুধু সরকার নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।” দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে দেশীয় উৎপাদন, বিশেষ করে কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক উদ্যোক্তা খাতকে শক্তিশালী করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বুধবার (২৮ জানুয়ারি) চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় এ কে এগ্রো এন্ড ডেইরি হাব মাঠে অনুষ্ঠিত ‘চট্টগ্রাম অঞ্চলের ডেইরি খাতের উন্নয়ন সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারে ফরিদা আকতার বলেন, আন্দোলন ও সংগ্রামের ইতিহাসে চট্টগ্রামের ভূমিকা অনস্বীকার্য। সেই ঐতিহ্যকে ধারণ করে নতুন প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলে দেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং অর্থনৈতিক মুক্তি অর্জন সহজ হবে। তিনি খোলা বাজারের মাধ্যমে আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে বলেন, অতিরিক্ত আমদানি নির্ভরতা দেশীয় শিল্প ও উৎপাদনকে ক্ষতিগ্রস্ত করে।
ডেইরি খাতের সম্ভাবনার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং তরুণ উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে এই খাত থেকে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। এতে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে এবং জাতীয় অর্থনীতিতে ডেইরি খাত একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে পরিণত হবে। তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দেশীয় উৎপাদন বাড়ানো জরুরি এবং এজন্য খামারি ও উদ্যোক্তাদের সরকার নানাভাবে সহযোগিতা দেবে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃত্রিম প্রজনন পরিচালক মো. শাহজামান খান তুহিন, সম্প্রসারণ পরিচালক ডা. বেগম শামছুননাহার আহম্মদ, বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মিজ শাহীনা ফেরদৌসী এবং চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ পরিচালক ডা. মো. আতিয়ার রহমান। তারা ডেইরি শিল্পের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং খামারিদের আধুনিক পদ্ধতিতে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান।
এছাড়া সেমিনারে উপস্থিত ছিলেন এ কে এগ্রো এন্ড ফার্মের পরিচালক ও বাংলাদেশ ডেইরি এন্ড ফার্মস ফ্যাটিনিং অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেইন, ডিপিডি ডা. হারুন অর রশিদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সেমিনারে পাঁচ শতাধিক খামারি উদ্যোক্তা অংশগ্রহণ করেন, যা ডেইরি খাত নিয়ে তরুণ ও উদ্যোক্তাদের আগ্রহের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সেমিনার শেষে প্রধান অতিথি ফরিদা আকতার এ কে এগ্রো এন্ড ফার্মের শুভ উদ্বোধন করেন। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ ও আলোচনার মাধ্যমে ডেইরি খাতে বিনিয়োগ বাড়বে, উদ্যোক্তারা উৎসাহিত হবেন এবং দেশীয় উৎপাদনভিত্তিক আত্মনির্ভর অর্থনীতি গড়ে তোলার পথ আরও সুগম হবে।