গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নাপিতের বাজার এলাকায় নাস্তার বিল ও আগের বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে খোর্দ্দকোমরপুর ইউনিয়নের নাপিতের বাজারে এ ঘটনাটি ঘটে। এতে হোটেল মালিকের ছেলে অসীম মিয়া (১৭) ও নারী কর্মচারী সেলিনা বেগম (৪২) গুলিবিদ্ধ হয়ে আহত হন। স্থানীয়রা জানান, অভিযুক্ত গোলাপ মিয়া (৩৬) সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ চক দারিয়া গ্রামের মৃত তয়েজ উদ্দিনের ছেলে এবং দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালানসহ নানা অপরাধে জড়িত।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন সকালে গোলাপ মিয়া হোটেল ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকের হোটেলে নাস্তা করেন। নাস্তা শেষে বিল ও আগের বাকি টাকা চাইলে গোলাপের সঙ্গে অসীমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গোলাপ কোমরে থাকা পিস্তল বের করে অসীমকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি চালান। গুলিবিদ্ধ অসীম মাটিতে লুটিয়ে পড়লে তাকে বাঁচাতে এগিয়ে আসেন সেলিনা বেগম। তখন তাকেও লক্ষ্য করে গুলি চালানো হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন।
গাইবান্ধা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মিনু জানান, গুরুতর আহত অসীম চিকিৎসাধীন আছেন, তবে আহত নারী ভর্তি না হয়ে চলে গেছেন। খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং গোলাপকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, ঘটনার সময় তিনি পিস্তল বা অন্য কোনো অস্ত্র ব্যবহার করেছেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া তার রাজনৈতিক সম্পৃক্ততা নিয়েও খোঁজ নেওয়া হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, গোলাপ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় এবং সাবেক এমপি উম্মে কুলসুম স্মৃতির ঘনিষ্ঠ ছিলেন। তবে তিন বছর আগে চুরির অভিযোগে তাকে ওই বাসা থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকেই তিনি নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে এবং সাধারণ মানুষ দ্রুত গোলাপকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।