নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম শাহজাহানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই ঘটনাকে সংশ্লিষ্ট মহল গুরুত্বের সঙ্গে দেখছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে প্রার্থীর কাছে নোটিশ পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সিভিল জজ শাহরিয়ার শামস। নোটিশে উল্লেখ করা হয়, একই আসনের প্রতিদ্বন্দ্বী ইনসানিয়াত বিপ্লব দলের প্রার্থী রেজাউল কাওসারের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ক্রসিং মোড় সংলগ্ন এলাকায় পূর্বে স্থাপিত নির্বাচনী ব্যানারের ওপর পরিকল্পিতভাবে ইসলামী ফ্রন্ট মনোনীত এস এম শাহজাহানের ‘মোমবাতি’ প্রতীকের বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
অভিযোগের পক্ষে ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজ নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে সংরক্ষিত রয়েছে এবং প্রাথমিক যাচাইয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে নোটিশে উল্লেখ করা হয়। কমিটির মতে, এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনী পরিবেশ ও সমান সুযোগের নীতির পরিপন্থী।
নোটিশে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর বিধি ৩ এবং বিধি ৭(ঘ)-এর সুস্পষ্ট লঙ্ঘন। এ কারণে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা প্রদানের জন্য এস এম শাহজাহানকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ প্রেক্ষিতে আগামী ৮ ফেব্রুয়ারি সকাল ১১টা ৩০ মিনিটে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত ভবনের তৃতীয় তলায় অবস্থিত সিনিয়র সিভিল জজ ৩য় আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে প্রার্থীকে। একই সঙ্গে নোটিশটি দ্রুত জারি করে প্রতিবেদন কমিটির কার্যালয়ে পাঠাতে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ে ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে এস এম শাহজাহানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে। নির্বাচনের আগমুহূর্তে এই শোকজ নোটিশ চট্টগ্রাম-১৩ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।