চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় গোপন আস্তানায় অভিযান চালিয়ে ১৩টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলিসহ ইয়াবা, গাঁজা, নগদ টাকা ও ড্রোন উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ অক্টোবর) গভীর রাতে চান্দগাঁও ও পাঁচলাইশ থানা পুলিশের যৌথ অভিযানে এসব অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিসি (নর্থ) এর নেতৃত্বাধীন একটি বিশেষ টিম।
পুলিশ জানায়, বহদ্দারহাট কাঁচা বাজার এলাকার একটি পরিত্যক্ত ভবন দীর্ঘদিন ধরে সন্ত্রাসী বুইশ্যা নামে পরিচিত এক শীর্ষ সন্ত্রাসীর আস্তানা হিসেবে ব্যবহৃত হচ্ছিল। সেখানে বুইশ্যা ও তার সহযোগীরা অস্ত্র ও মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতো। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে পুলিশের দলটি অভিযান চালায়। এসময় বুইশ্যার এক সহযোগীকে আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তির দেওয়া তথ্যমতে পুলিশ পাঁচলাইশ থানাধীন রওশন বোর্ডিং এলাকার শামসুল হকের বাসায় অভিযান চালায়। সেখান থেকে হৃদয় নামে এক যুবকসহ আরও একজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে পৃথক তিনটি কক্ষ তল্লাশি করে ১৩টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, ইয়াবা, গাঁজা, নগদ টাকা ও একটি ড্রোন উদ্ধার করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, “সন্ত্রাসী বুইশ্যাকে গ্রেফতারের জন্য আমরা আগে থেকেই অভিযান পরিচালনা করছিলাম। গতকাল ডিসি নর্থ স্যারের নেতৃত্বে যৌথভাবে অভিযান চালিয়ে আস্তানা থেকে অস্ত্র, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। প্রথম ঘটনাস্থল চান্দগাঁও থানাধীন হওয়ায় সেখানে মামলা রুজু করা হয়েছে।”
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত অস্ত্র ও মাদক স্থানীয় চক্রের মাধ্যমে শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো। আটক তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বহদ্দারহাট এলাকায় বুইশ্যা চক্রের আধিপত্য ছিল। এলাকায় তাদের ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পেত না। পুলিশের এই অভিযানের পর এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
চান্দগাঁও থানার একটি সূত্র জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে বিদেশি পিস্তল, রিভলবার ও দেশীয় তৈরি এলজি রয়েছে। এছাড়াও বেশ কিছু অস্ত্রাংশ ও ম্যাগাজিন পাওয়া গেছে। সবগুলো জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।
ওসি সোলাইমান বলেন, “চট্টগ্রাম নগরীতে কোনো অপরাধী বা সন্ত্রাসীর জায়গা হবে না। অপরাধ দমন অভিযান নিয়মিতভাবে চলবে।”