চট্টগ্রামের কর্ণফুলীতে ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে কর্ণফুলী উপজেলার আব্দুল জলিল চৌধুরী স্কুল মাঠে এ উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার ৩৫০টি দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়, যা সামাজিক সহমর্মিতার এক অনন্য উদাহরণ হিসেবে প্রশংসিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য এস. এম. মামুন মিয়া। তিনি বলেন, “যে ভোটাধিকার জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, সেই অধিকার জনগণ খুব শিগগিরই ফিরে পাবে। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রতি জনগণের আস্থা ও ভালোবাসা পুনরায় প্রতিষ্ঠিত হবে।” তিনি আরও বলেন, “আমরা দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করব, কারণ আমাদের লক্ষ্য ব্যক্তি নয়—দল ও দেশের স্বার্থ।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী উপজেলা যুবদলের আহ্বায়ক ও ইউপি সদস্য মো. নুরুল ইসলাম মেম্বার এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহেদুল ইসলাম শামিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য হাজী মো. ওসমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান দোভাষী, আব্দুল কাদের সুজন, আবু তৈয়ব কন্ট্রাকটর, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী মঈন উদ্দিন টিপু, শেখ আহমদ মেম্বার, আবু তাহেরসহ স্থানীয় বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ।
অতিথিরা বলেন, যুবদল হলো দেশের গণতন্ত্র রক্ষার অগ্রভাগে থাকা শক্তি। ত্যাগ, ঐক্য ও দেশপ্রেমের আদর্শে গঠিত এই সংগঠন সবসময় জনগণের পাশে থাকবে। সভা শেষে জাতির শান্তি, গণতন্ত্র ও দেশের উন্নতির জন্য বিশেষ দোয়া করা হয়।
চাল বিতরণ কর্মসূচির মাধ্যমে কর্ণফুলী উপজেলা যুবদল এদিন তাদের প্রতিষ্ঠাবার্ষিকীকে শুধু উদযাপন নয়, বরং মানবিক দায়িত্ব পালনের দিন হিসেবেও স্মরণীয় করে তোলে।