সৌদি আরবের মক্কা নগরীর পাশ্ববর্তী ঐতিহাসিক আরাফার ময়দানে আজ বৃহস্পতিবার (৯ জিলহজ) অনুষ্ঠিত হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। আরাফার বিস্তীর্ণ প্রান্তর মুখরিত হয়ে উঠেছে “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক” ধ্বনিতে। ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হজের মূল রোকন হিসেবে এই আরাফায় অবস্থান পালন করছেন লাখো মুসলিম। সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফার মাঠে অবস্থান করাই হজের প্রধান রোকন বলে বিবেচিত হয়।
হিজরি ১৪৪৬ সনের হজে অংশ নিতে এ বছর প্রায় ১৫ লাখের বেশি বিদেশি হজযাত্রী সৌদি আরবে প্রবেশ করেছেন। এছাড়াও রয়েছেন স্থানীয় হাজার হাজার হজযাত্রী। এর আগে বুধবার রাতে হাজিরা মিনা এলাকায় অবস্থান করেন, যেখানে তাঁবু শহরে রাত যাপন করে বৃহস্পতিবার সকালে আরাফার উদ্দেশ্যে রওনা দেন। মিনা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে আরাফায় পৌঁছে হাজিরা নামিরা মসজিদে হজের ঐতিহাসিক খুতবা শোনেন। সেখানে জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করেন।
সন্ধ্যা নামার পর হজযাত্রীরা প্রায় ৯ কিলোমিটার দূরে অবস্থিত মুজদালিফায় রওনা হবেন। সেখানে রাত যাপন এবং শয়তানকে পাথর মারার জন্য কংকর সংগ্রহ করবেন। হজের এই প্রতিটি ধাপই গভীর আত্মশুদ্ধি, ধৈর্য ও একনিষ্ঠতা চর্চার মাধ্যম হিসেবে বিবেচিত।
চলতি বছর হজ পালনে সৌদি সরকার নিয়েছে ব্যাপক প্রস্তুতি। তীব্র গরম ও তাপপ্রবাহ মোকাবিলায় ২ লাখ ৫০ হাজারেরও বেশি কর্মী নিয়োজিত রয়েছেন। তৈরি করা হয়েছে ৫০ হাজার বর্গমিটার অতিরিক্ত ছায়াযুক্ত স্থান, মোতায়েন করা হয়েছে হাজার হাজার চিকিৎসাকর্মী এবং স্থাপন করা হয়েছে ৪০০টিরও বেশি শীতলীকরণ ইউনিট।
হজ উপলক্ষে দেশটির হজমন্ত্রী তৌফিক রাবিয়া জানান, যারা নিবন্ধন ছাড়া হজ পালনের চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অনুমতিপত্রবিহীন হাজিদের ৫ হাজার ডলার জরিমানা ও ১০ বছরের সৌদি আরব প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে। কারণ, গত বছর যারা হজ চলাকালে মারা যান, তাদের ৮০ শতাংশই ছিলেন অননুমোদিত হজযাত্রী এবং তীব্র তাপদাহে তারা সঠিক সেবা পাননি।
হজ ইসলাম ধর্মের পঞ্চ স্তম্ভের একটি। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিমের জন্য জীবনে অন্তত একবার হজ পালন ফরজ। কাবা শরিফ তাওয়াফ, সাঈ, মিনায় অবস্থান, আরাফায় দাঁড়ানো এবং শয়তানকে পাথর নিক্ষেপসহ বিভিন্ন ধাপ পেরিয়ে হজযাত্রীরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আত্মনিয়োগ করেন।
আরাফার ময়দানে আজকের এই দিনটি মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, এখানেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজের খুতবা প্রদান করেছিলেন—যা আজও মানবতার সর্বশ্রেষ্ঠ ঘোষণাগুলোর একটি হিসেবে বিবেচিত।
পবিত্র হজের এই দিনটিকে কেন্দ্র করে গোটা মুসলিম বিশ্ব আজ একসঙ্গে হাত তোলে দোয়া ও ক্ষমা প্রার্থনায়—আত্মশুদ্ধি, ত্যাগ ও ভ্রাতৃত্বের এই বিরল দৃশ্য আরাফার প্রান্তরে সৃষ্টি করে অপার্থিব এক আবেগ ও আনুগত্যের মহাযজ্ঞ।