চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অপসারণের দাবিতে আবারও বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী ও ছাত্রজনতা। রোববার (১৭ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে স্থানীয় এলাকাবাসী ও ছাত্রজনতার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ১৬ বছর ধরে জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ইউনিয়নে বিভিন্ন অনিয়ম, অর্থ আত্মসাৎ এবং অপকর্ম চালিয়ে আসছেন। এলাকার অসহায় ও দরিদ্র জনগণের প্রাপ্য ভিজিডি-ভিজিএফের চাল ও সরকারি সাহায্য আত্মসাৎ করে ব্যক্তিগত সম্পদ গড়ে তুলেছেন তিনি। বক্তাদের দাবি, টাকার বিনিময়ে তাকে প্যানেল চেয়ারম্যান করা হয়েছে, যা স্থানীয় জনগণের প্রতি চরম অবমাননা। স্বৈরাচার আওয়ামী লীগের চেয়ারম্যান জাহাঙ্গীর দলীয় প্রীতি দেখিয়ে আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যদের প্যানেল চেয়ারম্যান করেছে। আওয়ামী লীগ যে বীজ বপন করে গেছে তারমধ্যে এই ইউপি সদস্য জাহাঙ্গীর একজন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দীন সবুজ, কর্ণফুলী উপজেলা কৃষকদলের সদস্য সচিব বাহারুল বাহার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইকবাল বাহারসহ ছাত্রজনতার নেতৃবৃন্দ। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত জাহাঙ্গীর আলমকে অপসারণ না করা হয় তবে স্থানীয়রা আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
এর আগে গত ৪ জুন চট্টগ্রাম জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক চিঠিতে জাহাঙ্গীর আলমকে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়। বিষয়টি প্রকাশ হওয়ার পরপরই এলাকাবাসীর তীব্র প্রতিবাদ শুরু হয়। ৬ জুন শিকলবাহা ইউনিয়ন পরিষদের মূল ফটকে তালা ঝুলিয়ে মানববন্ধন করে বিক্ষুব্ধ জনতা। এরপর থেকে দুই মাস ধরে শিকলবাহা ইউনিয়ন পরিষদসহ উপজেলার বিভিন্ন স্থানে কয়েক দফা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে স্থানীয়রা।