
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, সমাজসেবক ও শিক্ষানুরাগী ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আলহাজ্ব লায়ন মো. হাকিম আলীর সুস্থতা কামনায় কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) বাদে মাগরিব কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের উদ্যোগে উপজেলার বীজঘাট সাম্পান সমিতি কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। তারা আলহাজ্ব হাকিম আলীর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে আলহাজ্ব হাকিম আলী বর্তমানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে কর্ণফুলীসহ বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। তার সুস্থতা কামনায় বিভিন্ন স্থানে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হচ্ছে।
দোয়া মাহফিলে উপস্থিত বক্তারা বলেন, হাকিম আলী শুধু একজন সফল ব্যবসায়ী নন, তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজকল্যাণ, ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তার অবদান কর্ণফুলীর মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণফুলী নদী সাম্পান মালিক কল্যাণ সমিতির সভাপতি এস.এম. পেয়ার আলী, সহ-সভাপতি জাফর আহমদ, দূরন্ত দুর্বারের সাবেক কর্মকর্তা এম.এ. ছালাম, চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম. মাঈনউদ্দীন, জামায়াত নেতা মুছা মেম্বার, মুক্ত বিহঙ্গ ক্লাবের প্রতিষ্ঠাতা সেলিম খান, সমাজসেবক আলাউদ্দিন আহমদ শিমুল, বীজঘাট সাম্পান সমিতির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক কোরবান আলী, অর্থ সম্পাদক সেলিম খানসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।
দোয়া মাহফিলে মিলাদ ও কিয়াম পরিচালনা করেন মাওলানা কামরুল ইসলাম হোসাইনী। পরে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আহমদ হোসাইন নিজামী।
মোনাজাতে আলহাজ্ব হাকিম আলীর দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ-সমাজের কল্যাণে তার অব্যাহত অবদান রাখার সুযোগ কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণেও বিশেষ প্রার্থনা করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই হাকিম আলীর দ্রুত আরোগ্য লাভের আশাবাদ ব্যক্ত করেন এবং তার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।



