
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩২ লাখ ৫০ হাজার টাকা।
শুক্রবার (৩১ জুলাই) সকালে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি বলেন, গত ৩০ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ এই অভিযান পরিচালনা করে।
তিনি জানান, কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলার সীমান্ত সড়ক ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চলাকালে সন্দেহজনক একটি সিএনজিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়িতে থাকা দুই ব্যক্তির কাছ থেকে ৬ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৩২ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া তাদের কাছ থেকে নগদ ৮ হাজার ৪৪৬ টাকা এবং চারটি মোবাইল ফোনও জব্দ করা হয়। এ সময় দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করে কোস্ট গার্ড।
জব্দকৃত আলামত ও আটক মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা।
তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
উল্লেখ্য, কক্সবাজারের টেকনাফ ও এর সীমান্তবর্তী এলাকা দীর্ঘদিন ধরে মাদক পাচারের একটি স্পর্শকাতর রুট হিসেবে চিহ্নিত। এই প্রেক্ষাপটে কোস্ট গার্ডের সাম্প্রতিক এই অভিযানকে মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।