
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) ওসি ও পুলিশ পরিদর্শক পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। জনস্বার্থে জারি করা এক অফিস আদেশে ৮ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বিভিন্ন থানা ও ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর আলম-কে ডবলমুরিং থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। অপরদিকে সিটিএসবিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক কাজী মাসুদ ইবনে আনোয়ার-কে কর্ণফুলী থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই আদেশে ডবলমুরিং থানার ওসি জামাল উদ্দিন খান-কে সিটিএসবিতে এবং খুলশী থানার ওসি মোহাম্মদ সোলাইমান-কে সিটিএসবিতে বদলি করা হয়েছে। সিটিএসবিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক-কে খুলশী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া চকবাজার থানার ওসি মোঃ বাবুল আজাদ-কে ডিবি-দক্ষিণে পদায়ন করা হয়েছে। ডিবি-দক্ষিণে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক জসিম উদ্দিন-কে চকবাজার থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে চান্দগাঁও থানার ওসি মোঃ নূর হোসেন মামুন-কে ডিবি-দক্ষিণে এবং সেখান থেকে সংশ্লিষ্ট আরেক কর্মকর্তাকে চান্দগাঁও থানায় পদায়ন করা হয়েছে।
সিএমপির অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ বদলি ও পদায়ন আদেশ অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র বলছে, নগরীর বিভিন্ন থানার কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি, প্রশাসনিক দক্ষতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করার লক্ষ্যে এ রদবদল করা হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ কয়েকটি থানায় নেতৃত্ব পরিবর্তনের বিষয়টি নগরবাসীর মধ্যেও আগ্রহের সৃষ্টি করেছে।
সিএমপির এই বদলি আদেশের মাধ্যমে কর্ণফুলী, ডবলমুরিং, খুলশী, চকবাজার ও চান্দগাঁও থানাসহ একাধিক গুরুত্বপূর্ণ ইউনিটে নতুন নেতৃত্বের সূচনা হলো। প্রশাসনিক এ পরিবর্তনের ফলে সংশ্লিষ্ট থানাগুলোর কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।