
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় নগরীর আগ্রাবাদ এলাকা থেকে শুরু হয়ে দেওয়ানহাট পর্যন্ত র্যালিটি অনুষ্ঠিত হয়। ব্যানার, ফেস্টুন ও শ্লোগানে মুখরিত এই র্যালিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি মাইমুনুল ইসলাম মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের প্রার্থী শামসুজ্জামান হেলালি। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের সাবেক সভাপতি কেফায়েত উল্লাহ ও মু. শহীদুল ইসলাম এবং সাবেক মহানগর সেক্রেটারি মোহাম্মাদ ইকবালসহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
র্যালি-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাইমুনুল ইসলাম মামুন বিগত ফ্যাসিস্ট শাসনামলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চার শহীদ—শহীদ ইমরান খান রাজীব, শহীদ আবিদ বিন ইসলাম, শহীদ সাকিবুল ইসলাম ও শহীদ ফয়সাল আহমেদ শান্ত—এর আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, দমন-পীড়ন ও নির্যাতনের মধ্যেও ছাত্রশিবির তার আদর্শিক অবস্থান থেকে কখনো বিচ্যুত হয়নি। অতীতের কঠিন সময়েও সংগঠনের নেতাকর্মীরা সাহসিকতার সঙ্গে আদর্শিক সংগ্রাম অব্যাহত রেখেছে।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেশের ছাত্রসমাজের নৈতিকতা, আদর্শিক উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি সুশৃঙ্খল, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশ, জাতি ও নৈতিক মূল্যবোধ রক্ষায় তরুণ প্রজন্মকে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে ছাত্রশিবিরের আদর্শিক কার্যক্রমের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের নৈতিকতা ও শৃঙ্খলার মাধ্যমে সমাজ ও রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তারা বলেন, শিক্ষিত ও আদর্শবান ছাত্রসমাজই পারে একটি টেকসই ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে।
সমাবেশ শেষে র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দেওয়ানহাট এলাকায় গিয়ে শেষ হয়। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।



