
চট্টগ্রামের কর্ণফুলীতে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে দলীয় নেতাকর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণে। দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস. এম. মামুন মিয়ার সভাপতিত্বে এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য হাজী মো. ওসমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভা ছিল সম্পূর্ণভাবে ঐক্য, উদ্দীপনা ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনার আলোচনায় পরিপূর্ণ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী থানা বিএনপির সাবেক সভাপতি এহসান এ খান, যিনি দলীয় ঐক্যকে আন্দোলন ও সংগঠনকে শক্তিশালী করার মূলে উল্লেখ করেন।
কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সালেহ জহুর, এস. এম. ফারুক হোসাইন, কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল গফুর মেম্বার, সোলায়মান দোভাষী, আব্দুল কাদের সুজনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন। এছাড়াও দক্ষিণ ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ, উপজেলা বিএনপির সাবেক সদস্য আবু তৈয়ব কন্ট্রাকটর, এজাবত উল্লাহ, মনছুর উদ্দীন, মো. সালাউদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা সভায় অংশ নেন।
সভায় জেলা যুবদল, কৃষক দল, মহিলা দল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ সব অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত থেকে ভবিষ্যৎ আন্দোলন, সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং কর্ণফুলীতে বিএনপিকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। দলীয় নেতাদের ভাষণে উঠে আসে সংগঠন পুনর্গঠন, কর্মীদের মনোবল বৃদ্ধি এবং রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান।
সভায় সভাপতির বক্তব্যে এস. এম. মামুন মিয়া বলেন, “দলের কাছে আমার কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই। আমার একমাত্র চাওয়া হলো কর্মীদের ভালোবাসা এবং দলের প্রতি সকলের ঐক্য। কর্ণফুলী বিএনপি অতীতের মতোই ঐক্যবদ্ধ রয়েছে এবং ভবিষ্যতে দলীয় জয়ের লক্ষ্যে সবাইকে আরও শক্তভাবে এক হয়ে কাজ করতে হবে।” তার বক্তব্যে নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং হাততালি দিয়ে তাকে সমর্থন জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দল বর্তমানে কঠিন সময় অতিক্রম করছে এবং এই সময়েই সবচেয়ে বেশি প্রয়োজন পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও সম্মিলিত শক্তি। তাই কর্ণফুলী বিএনপি যে ঐক্যবদ্ধ আছে—এটি ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতিতে একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।
সর্বশেষে, নেতারা প্রত্যাশা ব্যক্ত করেন যে এই কর্মীসভা কর্ণফুলীতে দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে এবং মাঠের রাজনীতিতে বিএনপিকে আরও শক্ত ভিত্তি এনে দেবে।



