
নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় যৌথবাহিনীর একটি বড় ধরনের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে দোহাজারী পৌরসভার রোহিঙ্গা কলোনিতে এই অভিযান চালানো হয়। অভিযানে নারী, পুরুষ ও শিশুসহ তিন শতাধিক অবৈধ রোহিঙ্গাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, অপরাধমূলক তৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মধ্যরাত থেকে শুরু হওয়া অভিযানে যৌথবাহিনী রোহিঙ্গা কলোনির চারদিক ঘিরে ফেলে এবং প্রতিটি ঘরবাড়িতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালায়।
অভিযানকালে মোট ৩৪৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১৭৬ জন পুরুষ, ৮৬ জন নারী এবং ৮৩ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, আটককৃতদের অধিকাংশেরই বৈধ কাগজপত্র নেই এবং তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ওই এলাকায় বসবাস করে আসছিল।
অভিযান শেষে আটক ব্যক্তিদের চন্দনাইশ থানা ও উপজেলা প্রশাসনের সহায়তায় প্রাথমিক যাচাই-বাছাই করা হয়। পরবর্তীতে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন (আরআরআরসি)-এর তত্ত্বাবধানে তাদের কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, নির্বাচনের আগে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যে কোনো ধরনের অপরাধমূলক তৎপরতা প্রতিরোধ করতেই এই অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
সূত্র: ইন্টারনেট



