
কক্সবাজারের মহেশখালী উপজেলায় মৎস্য সম্পদ রক্ষায় বড় ধরনের সাফল্য অর্জন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ জানুয়ারি ২০২৬, বুধবার দিনব্যাপী মহেশখালী থানাধীন জেলেপাড়া সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে একটি বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৭৫ কোটি টাকা মূল্যের অবৈধ চরঘেরা জাল জব্দ করা হয়েছে, যা সাম্প্রতিক সময়ে উপকূলীয় এলাকায় পরিচালিত অন্যতম বৃহৎ অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, অভিযানের সময় জেলেপাড়া ও আশপাশের উপকূলীয় এলাকায় দীর্ঘদিন ধরে মজুত করে রাখা বিপুল পরিমাণ নিষিদ্ধ চরঘেরা জালের সন্ধান পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে প্রায় ৫০ লক্ষ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। এসব জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করা হলে সামুদ্রিক জীববৈচিত্র্য ও মৎস্য উৎপাদনের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জালগুলোর সঙ্গে জড়িত জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জব্দকৃত অবৈধ জালসমূহ মহেশখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।
মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, চরঘেরা জাল সম্পূর্ণ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে এসব জাল ব্যবহার ও সংরক্ষণ করে আসছিল। এ ধরনের জাল ছোট-বড় সব ধরনের মাছ ধ্বংস করে দেয়, যা ভবিষ্যতে মৎস্য সম্পদের জন্য ভয়াবহ হুমকি সৃষ্টি করতে পারে।
বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃপক্ষ জানায়, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের মৎস্য সম্পদ সংরক্ষণ, অবৈধ জাল ব্যবহার রোধ এবং সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। উপকূলবাসী ও জেলেদের আইন মেনে মাছ শিকারের আহ্বান জানিয়ে কোস্ট গার্ড বলেছে, দেশের মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।



