বুধবার, জুন ৩, ২০২৬

― Advertisement ―

spot_img

যুদ্ধবিরতির মধ্যেই ইরানে মার্কিন অভিযান, বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গোরুক ও কেশম দ্বীপে বিমান হামলা চালিয়েছে...

সুফিবাদী সুন্নি জনতা শান্তি ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখে

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের বৃহত্তর সুন্নিজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা এস এম শাহজাহান বলেছেন, সুফিবাদী সুন্নি জনতা কখনো সাম্প্রদায়িকতা, সহিংসতা কিংবা বিভেদে বিশ্বাস করে না; তারা শান্তি, সম্প্রীতি ও ক্ষুধা-দারিদ্রমুক্ত একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখে। তিনি বলেন, ভোটের আগে অনেকেই বসন্তের কোকিলের মতো সুন্দর কথা বলছে, কিন্তু করোনা কিংবা দুর্যোগের সময় জনগণের পাশে তাদের কখনো পাওয়া যায়নি। ভবিষ্যতেও তাদের পাওয়া যাবে না বলে সাধারণ মানুষ বুঝে গেছে। তাই মানুষ এখন পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক হিসেবে মোমবাতি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) আনোয়ারা চাতরী এলাকায় একটি কনভেনশন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাওলানা এস এম শাহজাহান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ড. এম এ অদুদ, স. ম. হামেদ হোসাইন, এস এম জাহাঙ্গীর, এম এ মাবুদ, ডি আই এম জাহাঙ্গীর, নাজিম উদ্দিন, গোলাম মোস্তফা, মাওলানা ইদ্রিস আল কাদেরী, হাফেজ আবদুর রহিম, মফিজ উল্লাহ, হাফেজ নুরুল আলমসহ অনেকে। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে এস এম শাহজাহান বলেন, সুফিবাদী সুন্নি মুসলমানরা কখনো সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা হানাহানি ও মারামারিকে প্রশ্রয় দেয় না। তারা সবসময় শান্তিপ্রিয় এবং মানবিক মূল্যবোধে বিশ্বাসী। সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করে পারস্পরিক সম্প্রীতির বাংলাদেশ গড়াই তাদের রাজনীতির মূল লক্ষ্য। তিনি বলেন, আনোয়ারা–কর্ণফুলী এলাকায় প্রায় ১৩০টি পীর আউলিয়ার মাজার, দরগাহ ও খানকা রয়েছে, যা এ অঞ্চলের সুফিবাদী ঐতিহ্যের সাক্ষ্য বহন করে।

তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর দেশের বিভিন্ন এলাকায় একাধিক মাজারে হামলা চালানো হয়েছে এবং সুন্নিপন্থি অনেক আলেমকে মসজিদের ইমামতি ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে অপসারণ করা হয়েছে। এসব অন্যায় ও অবিচারের বিরুদ্ধে দাতভাঙা জবাব দিতে সাধারণ জনগণকে মোমবাতি প্রতীকে ভোট দিয়ে বৃহত্তর সুন্নিজোটকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

উন্নয়ন ভাবনার কথা তুলে ধরে মাওলানা এস এম শাহজাহান বলেন, নির্বাচিত হলে আনোয়ারা–কর্ণফুলীকে কেন্দ্র করে টানেলভিত্তিক আধুনিক শিল্পনগরী গড়ে তোলা হবে এবং স্থানীয় জনগণের অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থান নিশ্চিত করা হবে। মনিরুজ্জামান ইসলামাবাদীর স্মৃতিবিজড়িত দেয়াঙ পাহাড়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সরকারি হাসপাতালগুলোতে আধুনিক চিকিৎসাসেবা চালু এবং পীর-আউলিয়া ও সুফিবাদী নিদর্শন সংরক্ষণ করে মাজারকেন্দ্রিক ইসলামী কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

সংবাদ সম্মেলনের শেষভাগে সুন্নিজোট প্রার্থী বলেন, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে তার সংগ্রাম অব্যাহত থাকবে। আল্লাহ তাকে সুযোগ দিলে আনোয়ারা–কর্ণফুলীতে মাদক কারবারি ও চাঁদাবাজদের কোনো স্থান হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ মানুষ ব্যালটের মাধ্যমে মোমবাতি প্রতীকের পক্ষে রায় দিয়ে একটি নতুন ইতিহাস সৃষ্টি করবে বলেও আশাবাদ প্রকাশ করেন মাওলানা এস এম শাহজাহান।