
চট্টগ্রামের কর্ণফুলীতে সেলফি ও ভিডিও তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হওয়া স্কুলছাত্র মোহাম্মদ রিয়াদ (১৪) দুই দিন মৃত্যুর সঙ্গে লড়ে শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেল। শুক্রবার (৭ জুন) বিকেলে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এই কিশোরের।
রিয়াদ কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ফাজিলখার হাট এলাকার মো. ইব্রাহিমের ছেলে এবং দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। ঘটনার দিন, বুধবার (৫ জুন) বিকেলে কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে বসা অস্থায়ী ফকিনীরহাট পশুর হাটে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিল সে। হাটের একেবারে প্রান্তে একটি সীমানা প্রাচীর টপকে উঠে সে উঁচু ও ভেজা দেয়ালের উপর দাঁড়িয়ে মোবাইলে ভিডিও ও সেলফি তুলছিল।
এই মুহূর্তেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা—উপরে দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে ভয়াবহভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয় রিয়াদ। তার শরীর ঝলসে যায়, সঙ্গে সঙ্গে নিচে পড়ে গুরুতর আহত হয়। বাজারের ইজারাদাররা তৎক্ষণাৎ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তাকে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
দুই দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার বিকেলে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চির বিদায় নেয় এই কিশোর।
রিয়াদের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক-বন্ধু ও প্রতিবেশীদের চোখে এখন শুধু একটাই প্রশ্ন—একটি ছবি তোলার খেসারত এতো বড় হতে পারে?



