
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ইছানগর বাংলাবাজার ঘাট সাম্পান টেম্পু মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন (২০২৫–২০২৮) বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় সমিতির নিজস্ব কার্যালয়ে। ২১৬ জন নিবন্ধিত ভোটারের মধ্যে ২০৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এবারের নির্বাচনে মোট ১৫টি পদের মধ্যে ৯টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এবং ৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় ছিল উৎসবের আমেজ। ভোটারদের লাইন ও প্রার্থীদের সমর্থকদের উচ্ছ্বাসে মুখর ছিল পুরো এলাকা।
নির্বাচনের ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মোহাম্মদ লোকমান দয়াল (ছাতা প্রতীক) ১১৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. এনামুল হক (চেয়ার প্রতীক) পান ৮৯ ভোট। সহ-সভাপতি পদে মোঃ ইদ্রিস (জাহাজ প্রতীক) ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে নুর নবী (বাঘ প্রতীক) ৭৭ ভোট পেয়ে বিজয়ী হন, তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন (ঘড়ি প্রতীক) ৬২ ও (কাপ পিরিচ প্রতীক) ৫৭ভোট।
এছাড়া অর্থ সম্পাদক পদে মো. শাকিল (মোবাইল প্রতীক) ১১৭ ভোটে এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. সাদ্দাম হোসেন (নোঙ্গর প্রতীক) ১১৮ ভোটে জয়লাভ করেন।
নির্বাচনে ৯টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন— মো. বাপ্পী (সহ-সাধারণ সম্পাদক), মো. সাইফুল ইসলাম (সহ-কোষাধ্যক্ষ), খায়ের আহমদ (দপ্তর সম্পাদক), মো. ইলিয়াছ (প্রচার সম্পাদক), মো. ইসহাক (ক্রীড়া সম্পাদক), কার্যকরী সদস্য মোঃ মহিউদ্দিন, লেদু মিয়া, হাকিম আলী ও আনু মিয়া। নির্বাচনের ফলাফল ঘোষণার সময় সমিতি কার্যালয়ে প্রার্থীদের সমর্থক ও স্থানীয় মাঝি সমাজের সদস্যরা আনন্দ মিছিল করেন এবং বিজয়ীদের ফুল দিয়ে বরণ করে নেন।
নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার মির্জা মো. ইসমাইল। সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইলিয়াছ মেম্বার, আবুল কালাম ও ইমরান হোসেন তারা, আর কমিশনের সচিব হিসেবে ছিলেন কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ ফেডারেশনের সভাপতি এস. এম. পেয়ার আলী। তারা জানান, পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।
প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার মির্জা মো. ইসমাইল বলেন, “নির্বাচনে প্রার্থীরা অত্যন্ত দায়িত্বশীল আচরণ করেছেন। মাঝি সমাজের এই গণতান্ত্রিক অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়।” নির্বাচন শেষে বিজয়ীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করলে ঘাটের উন্নয়ন ও মাঝিদের কল্যাণে বড় পরিবর্তন আনা সম্ভব।”
নির্বাচন শেষে স্থানীয়রা জানান, প্রতিবারের মতো এবারও নির্বাচন ছিল সম্পূর্ণ উৎসবমুখর ও অংশগ্রহণমূলক। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব ঘাটের প্রকৃত মালিকানা সংরক্ষণ, শ্রমজীবী মাঝি সমাজের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়ন কার্যক্রমে কার্যকর ভূমিকা রাখবে।



