
চট্টগ্রামের কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে দুই বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের মিয়ারহাট ও ফাজিলখাঁরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হোসেন। এ সময় কর্ণফুলী থানার একটি পুলিশ টিম সহযোগিতা করে।
অভিযানে মিয়ারহাট এলাকার কাশেম বেকারি (প্রোপ্রাইটর: মো. কামাল)-কে প্রয়োজনীয় লাইসেন্স হালনাগাদ না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে ৪,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ফাজিলখাঁরহাট এলাকার ফেবারিট বেকারি (প্রোপ্রাইটর: মো. আদনান)-কে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও মূল তালিকা প্রদর্শন না করার কারণে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।
মোট ৯,০০০ টাকা জরিমানা আদায় করা হয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হোসেন বলেন, “জনস্বাস্থ্য রক্ষায় এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”



