
কর্ণফুলী উপজেলায় প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর উপজেলা কমিটির নির্বাচন। বুধবার (১৬ এপ্রিল) সকালে উপজেলা সিপিপি কার্যালয়ে অনুষ্ঠিত এই নির্বাচনটি ৭ম কমিটির অধীনে আয়োজন করা হয়। ব্যতিক্রমী এই নির্বাচনে উপজেলার পাঁচটি ইউনিয়নের টিম লিডাররা সরাসরি মতামতে নির্বাচিত করেন উপজেলা পর্যায়ের লিডারশিপ।
নির্বাচনে এম. মঈন উদ্দিন নির্বাচিত হয়েছেন উপজেলা টিম লিডার হিসেবে। ডেপুটি উপজেলা লিডার (পুরুষ) পদে নির্বাচিত হয়েছেন আরিফ উদ্দিন এবং ডেপুটি উপজেলা লিডার (নারী) হয়েছেন জলি আক্তার। এ উপলক্ষে স্থানীয় সিপিপি স্বেচ্ছাসেবকদের মধ্যে দেখা গেছে উৎসাহ ও উদ্দীপনা। উল্লেখ্য, এর আগে এই ধরনের নেতৃত্ব নির্বাচন এমপি, মন্ত্রী কিংবা রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপেই নির্ধারিত হতো। তবে এবারই প্রথম সরাসরি স্থানীয় সিপিপি’র লিডারদের মতামতের মাধ্যমে লিডার নির্বাচন করায় এলাকাবাসী এবং স্বেচ্ছাসেবকদের মধ্যে স্বচ্ছতা ও গণতন্ত্রের চর্চার নতুন বার্তা ছড়িয়ে পড়েছে।
নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেন চট্টগ্রাম জেলা সিপিপি’র উপ-পরিচালক হাফিজ আহমদ, কর্ণফুলী উপজেলা সিপিপি’র সহকারী পরিচালক সাইফুল ইসলাম এবং বাঁশখালী উপজেলা সিপিপি’র টিম লিডার মোহাম্মদ ছগীর।
এ নির্বাচনে মোট ভোটার ছিলেন পাঁচ ইউনিয়নের ৩১ জন ইউনিট লিডার, ৩১ জন (পুরুষ) ডেপুটি ইউনিট লিডার ও ৩১ জন (নারী) ডেপুটি ইউনিট লিডার, যাদের প্রত্যক্ষ মতামতে নির্বাচনটি সম্পন্ন হয়। বর্তমানে কর্ণফুলী উপজেলায় মোট ৬২০ জন স্বেচ্ছাসেবক রয়েছে, যার মধ্যে ৩১০ জন পুরুষ ও ৩১০ জন নারী। নির্বাচিত কমিটির মেয়াদকাল হবে তিন বছর।
নির্বাচনে বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান কর্ণফুলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন ফারুকী ফয়সাল।
চট্টগ্রাম জেলা সিপিপি’র উপ-পরিচালক হাফিজ আহমদ বলেন, “এটা শুধু একটি নির্বাচন নয়, এটি সিপিপি’র ইতিহাসে একটি মাইলফলক। আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করেছি যেন স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক পদ্ধতির মাধ্যমে নেতৃত্ব নির্ধারণ হয়। কর্ণফুলীতে তা বাস্তবায়ন হওয়ায় আমি সত্যিই গর্বিত।”
নবনির্বাচিত উপজেলা টিম লিডার এম. মঈন উদ্দিন বলেন, “এই বিজয় শুধু আমার নয়, এটি কর্ণফুলীর প্রত্যেক সিপিপি স্বেচ্ছাসেবকের বিজয়। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ভবিষ্যতে দুর্যোগ প্রস্তুতি ও প্রশিক্ষণে কর্ণফুলী হবে একটি রোল মডেল। স্বচ্ছতা, দক্ষতা ও একাগ্রতা নিয়ে কাজ করব ইনশাআল্লাহ।”
কর্ণফুলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন ফারুকী ফয়সাল বলেন, “সিপিপি একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন হলেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন একটি বড় দৃষ্টান্ত। আমি আশাবাদী, এ ধরনের নির্বাচন অন্য উপজেলা ও জেলার জন্য একটি অনুসরণীয় মডেল হবে।”



