
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় জমির মালিকানা নিয়ে চলমান আদালত মামলার নিষ্পত্তি না হওয়া সত্ত্বেও জোরপূর্বক জমি দখলের অভিযোগে প্রতিবাদে ফেটে পড়েছে স্থানীয়রা। বুধবার (৭ মে) দুপুর ১২টায় “নিমপেক্স লিমিটেড” (NDE) নামক একটি প্রতিষ্ঠানের গেটের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন মৃত আয়ুব আলীর পরিবার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, নিমপেক্স লিমিটেড-এর মালিক রায়হান মোস্তাফিজ, পিতা মোস্তাফিজুর রহমান—যিনি যে জমিতে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন, তার আরএস খতিয়ান নম্বর ২৭৩২ এবং আরএস দাগ নং ১৪১২, ১৪৮২, ১৪৮৩, ১৪৮৪, ১৪৮৫। এই দাগসমূহের রেকর্ডীয় মালিক ছিলেন আয়ুব আলী। আরএস অনুযায়ী এসব দাগ বিএস খতিয়ান ৩৪৪/৬৩৫ এবং বিএস দাগ নম্বর ১৫২৬, ১৫৩৩, ১৫৩৪, ১৫৩৫, ১৫৩২, ১৫৩৬-এ সংযুক্ত রয়েছে। আয়ুব আলীর মৃত্যুর পর তার একমাত্র পুত্র ইউসুফ আলী, এবং ইউসুফ আলীর মৃত্যুর পর তার স্ত্রী, এক পুত্র মোঃ রুবেল এবং দুই কন্যা এই জমির আইনগত উত্তরাধিকারী হন।
তবে দুঃখজনকভাবে, বিএস রেকর্ড সংশোধনের সময় এই উত্তরাধিকারীদের নাম অন্তর্ভুক্ত না হয়ে ভুলবশত অন্যের নামে রেকর্ড সম্পাদিত হয়। এই রেকর্ড সংশোধনের দাবিতে আয়ুব আলীর উত্তরসূরিরা আদালতে একটি মামলা (মামলা নং: ২৯২) দায়ের করেন, যা এখনো বিচারাধীন। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জমির হস্তান্তর, ক্রয়-বিক্রয় বা দখল আইনত অনুচিত হলেও, এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী একটি মহল বিগত আওয়ামী লীগ সরকারের ক্ষমতা ব্যবহার করে ইতোমধ্যে ওই জমি দখল করে সেখানে কারখানা স্থাপন করেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আব্দুল কাদের (তরুণ সমাজসেবক), জহির উদ্দিন রাজু, মোঃ সোবহান রুবেন, দিদারুল ইসলাম, জহির উদ্দিন হিরনসহ অনেকে। এসময় মৃত ইউসুফ আলীর স্ত্রী, পুত্র রুবেল, কন্যা সোনিয়া আক্তার, ইসরাত জাহান ও সাইমা রেজিয়া বেগম সহ পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাধারণ পরিবারের পৈতৃক সম্পত্তি থেকে জোরপূর্বক উচ্ছেদ ও ভুল রেকর্ডের নামে জমি দখল একটি ভয়াবহ অনাচার, যা বিচারহীনতা ও প্রভাবশালীদের অপব্যবহারের ফল। তাঁরা প্রশাসনের প্রতি আহ্বান জানান—মামলার রায় না হওয়া পর্যন্ত যেন কোনো পক্ষ জমির দখল নিতে না পারে এবং দখলদারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়।



