
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অর্থ প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন—কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লেদু মেম্বারের বাড়ির মৃত ছালেহ আহমদের (প্র. লেদু মেম্বার) ছেলে মোঃ ওমর ফারুক (৪২)।
সিআর মামলা নম্বর ২০৩৫/২৪ সূত্রে জানা যায়, ২০২৩ সালে জমি বিক্রির প্রলোভন দেখিয়ে একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আক্কাস উদ্দিনের কাছ থেকে সাড়ে ১১ লাখ টাকা নেওয়া হয়। উভয়ের মধ্যে একটি বায়না চুক্তিও সম্পাদিত হয়। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ওমর ফারুক ভুক্তভোগীকে জমি বুঝিয়ে দেননি এবং টাকাও ফেরত দেননি।
ভুক্তভোগী পক্ষ থেকে বারবার যোগাযোগ ও সমাধানের চেষ্টা করেও কোনো সুরাহা না পাওয়ায় শেষমেশ আদালতের আশ্রয় নেন আক্কাস উদ্দিন। এরপর আদালতের নির্দেশে কর্ণফুলী থানা পুলিশ প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে (দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায়) ওমর ফারুককে গ্রেপ্তার করে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, “আদালতের গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”



