
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দলীয় কার্যালয়ের ভাড়া চাওয়াকে কেন্দ্র করে জাহাঙ্গীর হোসেন (৫৭) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী বাজারে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর হোসেন ওই এলাকার তালেব আলীর ছেলে এবং একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাজারে তার একটি মুদির দোকানসহ চারটি দোকানঘর রয়েছে।
নিহতের ছেলে রাসেল হোসেন জানান, গত ৫ আগস্ট বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারী ও মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার তাদের কাছ থেকে তিনটি দোকান ভাড়া নেন। এর মধ্যে একটি দোকানে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয় স্থাপন করা হয়। বাকি দুই দোকানের ভাড়া দেওয়া হলেও বিএনপির কার্যালয় হিসেবে ব্যবহৃত দোকানটির ১০ হাজার টাকা ভাড়া বাকি ছিল। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ভাড়া চাইতে গেলে তোতা মেম্বার জাহাঙ্গীরকে চড় মারেন। পরে তোতা মেম্বারের ছেলে খোকন, রাসেল, ভাতিজা সাদ্দাম, আলমসহ আরও কয়েকজন বিএনপি অফিসের ভেতরেই জাহাঙ্গীরকে এলোপাতাড়ি মারধর করেন।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, “ভাড়ার টাকা না দেওয়াকে কেন্দ্র করে জাহাঙ্গীর হোসেনকে মারধর করা হলে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
এ বিষয়ে জানতে চাইলে বিএনপি কেন্দ্রীয় নেতা মাহমুদুর রহমান সুমনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।



