
চট্টগ্রামের কর্ণফুলীতে ১০ লাখ টাকা চাঁদার দাবিতে বালু ব্যবসা প্রতিষ্ঠান বলাকা ইন্টারন্যাশনাল লিমিটেডে হামলার ঘটনায় দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবিকে প্রধান আসামি করে মামলা হয়েছে। মামলায় নাম উল্লেখ করে ১০ জন এবং অজ্ঞাতনামা আরও ১৪-১৫ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে কর্ণফুলী থানায় মামলা দায়ের করেন হামলার শিকার বলাকা ইন্টারন্যাশনাল লিমিটেডের মালিক ও বড়উঠান ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোবিনুর রশীদ চৌধুরী। মামলা নম্বর ১৬।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় অন্যান্য আসামিরা হলেন—পারভেজ, রিপন, নেজাম প্রঃ বাল্লা, ইলিয়াস হোসেন সাদ্দাম, শাহাজাহান মধু, ওসমান ইউইউ, মনজুর আলম, নাঈম এবং তানভীর। তাদের মধ্যে নেজাম প্রঃ বাল্লাকে গ্রেফতার করা হয়েছে, বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মামলার এজাহারে বলা হয়, ২২ এপ্রিল রাত ১০টার দিকে প্রধান আসামি রবিউল হোসেন রবির নেতৃত্বে একটি দল মোবিনুর রশীদের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় ২৩ এপ্রিল দুপুরে দেশীয় অস্ত্র, রড, লাঠি ও রামদা নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। অফিসে ভাঙচুরের পাশাপাশি লুট করা হয় ক্যাশবাক্স থেকে ২ লাখ ৭০ হাজার টাকা, ধ্বংস করা হয় সিসিটিভি ক্যামেরা ও মনিটর, এবং একটি এস্কাভেটর।
এ ঘটনায় মোবিনুর রশীদ চৌধুরী, তার ভাই হোসেন, ম্যানেজার হাফিজুর রহমান লিটন ও অংশীদার এইচ এম জাহাঙ্গীর আলমসহ একাধিক কর্মচারী গুরুতর আহত হন। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী মোবিনুর রশীদ বলেন, “চাঁদার দাবিতে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পূর্ণ তছনছ করে দিয়েছে। এখন আমরা হাসপাতালে চিকিৎসাধীন। দ্রুত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই।”



