
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে নির্মমভাবে নির্যাতন ও পরে হত্যার ঘটনায় সারাদেশের মতো চট্টগ্রামের কর্ণফুলীতেও তীব্র প্রতিবাদে ফেটে পড়েছে ছাত্রসেনার নেতাকর্মীরা। ২ মে শুক্রবার বাদে জুমা কর্ণফুলী উপজেলার শিকলবাহা ক্রসিং মোড়ে আয়োজিত এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, রইস উদ্দিন ছিলেন একজন আদর্শ সুন্নি আলেম ও সংগঠক। ২৬ এপ্রিল গাজীপুর থেকে অসংখ্য আশেকে রাসূলকে নিয়ে তিনি ঢাকার সমাবেশে অংশ নিতে যান। আর এ কারণেই তাকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের ফাঁদে ফেলে মিথ্যা অপবাদ দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
বক্তারা আরও বলেন, এ হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা ঘাতকচক্র আমাদের কাছে স্পষ্ট। যারা ইসলামের নামে দেশে বিভ্রান্তি সৃষ্টি করে, মাজারে ভাঙচুর চালায়, সুন্নি ওলামায়ে কেরামের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত, তারাই এই জঘন্য কাজের সাথে জড়িত। তারা হুঁশিয়ার করে বলেন, ৭২ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার না করলে ছাত্রসেনা দেশের প্রতিটি রাস্তায় আন্দোলনে নামবে এবং প্রয়োজনে সারা দেশ অচল করে দেওয়া হবে। বক্তারা বলেন, সুন্নিরা যুগে যুগে রক্ত দিয়েছে; এবারও প্রয়োজনে রইস উদ্দিনের বিচারের দাবিতে রাজপথে রক্ত দিতে পিছপা হবে না। তারা অবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



