শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

― Advertisement ―

spot_img

বৃষ্টিভেজা বিকেলে বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের জার্সি উন্মোচন

‎চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই জার্সি উন্মোচন, প্রীতি ফুটবল ম্যাচ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেছে সালেহ নূর স্পোর্টস ক্লাব। বৈরী...

ট্রেনের নিচে চাপা পড়ে নিঃশেষ পরিবার, ঈদের আগে নেমে এলো শোক

চট্টগ্রামের বোয়ালখালীতে ঈদ আনন্দের পথে এক পরিবারে নেমে এলো শোকের ছায়া। বৃহস্পতিবার (৫ জুন) রাত ১০টার দিকে কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তে কক্সবাজার থেকে ছেড়ে আসা ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে গেলে শিশুসহ তিনজন নিহত হন। তাদের মধ্যে সবচেয়ে হৃদয়বিদারক ছিল মাত্র দুই বছর বয়সী আয়েশার মৃত্যু।

শিশু আয়েশা তার বাবা সাজ্জাদুন নূরের কোলে ছিল। দূর থেকে মনে হচ্ছিল ঘুমিয়ে আছে সে। কিন্তু কাছে যেতেই দেখা যায়, তার ছোট মাথাটি বিদীর্ণ, গড়িয়ে পড়ছে রক্ত। সেই রক্তে লাল হয়ে যাচ্ছে বাবার টি-শার্ট। এক হাতে মেয়ে আয়েশাকে বুকে চেপে ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের দিকে দৌঁড়াচ্ছিলেন বাবা। মুখে শুধু দু’টি বাক্য, ‘আল্লাহু আকবর, আল্লাহু আকবর।’

হাসপাতালে পৌঁছানোর পর রাত তিনটার দিকে আয়েশাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। সেই ঘোষণার পর হাসপাতালের বারান্দায় ভেঙে পড়েন বাবা সাজ্জাদ। বারবার চিৎকার করে বলছিলেন, ‘ও আমার আয়েশা, তুই কোথায় গেলিরে! ও তো কিছুই বুঝত না, তার কী দোষ ছিল?’ পাশেই কান্নায় ভেঙে পড়েন আয়েশার মা জুবাইদা ফেরদৌস। একাধিকবার জ্ঞান হারান তিনিও।

নিহত আয়েশার পরিবার বোয়ালখালীর মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। তারা ঈদের ছুটি কাটাতে শহরে আসছিলেন। কিন্তু ঈদের আনন্দ আর উপভোগ করা হলো না তাদের।

এ দুর্ঘটনায় নিহতদের একজন মুহাম্মদ তুষার, যিনি বোয়ালখালীর উত্তর গোমদন্ডী বাংলা পাড়ার বাসিন্দা। আহত হয়েছেন আরও পাঁচজন। এদের মধ্যে তিনজনের নাম জানা গেছে—আসিফ উদ্দিন বাপ্পি, আসমা আহমেদ ও আঞ্জু আরা। তারা চমেক হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পর ট্রেন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও রাত সাড়ে ৩টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। ঈদের আগ মুহূর্তে এমন এক মর্মান্তিক দুর্ঘটনায় বোয়ালখালীতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।