
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ও ছদাহা ইউনিয়নে অবস্থিত অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও সাতকানিয়া উপজেলা প্রশাসন। পরিবেশ সংরক্ষণ আইন বাস্তবায়ন ও জনস্বার্থ রক্ষার লক্ষ্যে পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একাধিক ইটভাটাকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দেখা যায়, কয়েকটি ইটভাটা পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের বৈধ লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে। এ অপরাধে NHB ব্রিক ফিল্ড ও PBM ব্রিক ফিল্ডকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া 7BM ব্রিক ফিল্ডের দুটি ইউনিটকে পৃথকভাবে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা ও দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান। তিনি বলেন, “প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র ও প্রশাসনিক অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ। এসব ইটভাটা পরিবেশের মারাত্মক ক্ষতি করছে এবং জনস্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করছে।”
তিনি আরও জানান, পরিবেশ রক্ষা ও জনস্বার্থ বিবেচনায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। ভবিষ্যতে কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে ইটভাটার কার্যক্রম পরিদর্শন করেন এবং পরিবেশ দূষণের বিভিন্ন দিক তুলে ধরেন। স্থানীয়রা এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, অবৈধ ইটভাটার কারণে দীর্ঘদিন ধরে এলাকার পরিবেশ, কৃষিজমি ও জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছিল। নিয়মিত অভিযান অব্যাহত থাকলে পরিবেশ সুরক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশা প্রকাশ করেন।



