
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদর বাজারে ইসলামী ব্যাংক সংলগ্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৭২ পিস ইয়াবাসহ রাজন মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে নবীনগর থানার এসআই স্বরূপ কান্তি পাল, পিএসআই সাকিব, এএসআই প্রদীপ দাস ও এএসআই শফিকুল ইসলামসহ একদল পুলিশ সদস্য এই অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে ইসলামী ব্যাংক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন অবস্থায় থাকা রাজন মিয়াকে তল্লাশি করে তার কাছ থেকে ১৭২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ধৃত রাজন মিয়া নবীনগর পূর্বপাড়া এলাকার কালু মিয়ার ছেলে। প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার রাজন মিয়ার বিরুদ্ধে থানায় চুরি ও মাদকসহ একাধিক মামলা ইতিমধ্যে বিদ্যমান রয়েছে। তিনি বলেন, উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ওসি আরও জানান, নবীনগর এলাকায় মাদকের বিস্তার রোধে থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালিয়ে যাওয়া হবে বলে জানান তিনি।
স্থানীয় বাসিন্দাদের মতে, নবীনগর সদর বাজার এলাকায় দীর্ঘদিন ধরেই মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন তারা। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে এলাকায় মাদকের প্রভাব অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন তারা। একই সঙ্গে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানান স্থানীয়রা।


