শুক্রবার, জুলাই ৩১, ২০২৬

― Advertisement ―

spot_img

কক্সবাজারে কোস্ট গার্ডের বিশেষ অভিযান, ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩২...

জায়গা দখলচেষ্টা ঠেকাতে মাঠে নামলেন কর্ণফুলীর মুসল্লিরা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার খোয়াজনগর এলাকায় অবস্থিত হাফেজ আব্দুল করিম শাহী জামে মসজিদ (প্রকাশ মাওলানা জামাল শাহ মসজিদ)-এর জায়গা দখলের চেষ্টা, মসজিদের নাম পরিবর্তন ও পূর্বের নাম মুছে ফেলার অভিযোগ, মুসল্লিদের ওপর হামলা এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী।

শুক্রবার (৩১ জুলাই) জুমার নামাজের পর মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মানববন্ধনে এলাকার কয়েকশ মুসল্লি, স্থানীয় বাসিন্দা, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বহু বছর ধরে প্রতিষ্ঠিত হাফেজ আব্দুল করিম শাহী জামে মসজিদের জায়গা একটি স্বার্থান্বেষী মহল জবরদখলের অপচেষ্টা চালিয়ে আসছে। একই সঙ্গে মসজিদের ঐতিহ্যবাহী নাম পরিবর্তন করে পূর্বের পরিচয় মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, যা ধর্মপ্রাণ মুসল্লিদের অনুভূতিতে আঘাত হেনেছে বলে দাবি করেন তাঁরা। বক্তারা আরও অভিযোগ করেন, এসব অনিয়মের প্রতিবাদ করতে গেলে শান্তিপূর্ণ মুসল্লিদের ওপর হামলা চালানো হয় এবং পরে উল্টো নিরীহ মুসল্লিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়।

মানববন্ধনে মসজিদের মোতাওয়াল্লী সৈয়দ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, এই মসজিদ এলাকার ধর্মীয় ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং দীর্ঘদিন ধরে মানুষ এখানে নামাজ আদায় করে আসছেন। তিনি বলেন, একটি পক্ষ জোরপূর্বক মসজিদের জায়গা দখল ও নাম পরিবর্তনের চেষ্টা করছে। আমরা কোনো সংঘাত চাই না, আমরা আইনের শাসনের মাধ্যমে ন্যায়বিচার চাই। প্রশাসনের কাছে আমাদের আবেদন, প্রকৃত সত্য উদঘাটন করে মসজিদের সম্পত্তি রক্ষা করা হোক এবং মিথ্যা মামলায় হয়রানি বন্ধ করা হোক।

বক্তারা বলেন, এটি শুধু একটি মসজিদের বিষয় নয়, এটি ধর্মীয় প্রতিষ্ঠানের মর্যাদা ও মানুষের অধিকার রক্ষার বিষয়। যারা মসজিদের জায়গা দখল, নাম পরিবর্তন এবং মুসল্লিদের ওপর হামলার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিরপরাধ মুসল্লিদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তাঁরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর মোহাম্মদ। স্বাগত বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সিনিয়র সদস্য দিল আহমদ শাহিন। এ ছাড়া উপস্থিত ছিলেন আবদুল গফুর মেম্বার, আবদুল মজিদ, রফিক আহমদ, জাহাঙ্গীর আলম পাটোয়ারী মেম্বার, নুর হোসেন, আলমগীর বাদশা, ইলিয়াস হাবিব, মো. কায়সার পাটোয়ারী, সাহাব উদ্দিন শিহাব, পরিচালনা কমিটির সদস্য মো. নাছির, চরপাথরঘাটা ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুন নুর এবং চরলক্ষ্যা ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিনসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাঁদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন। তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।