
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ইছামতি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ-এর দ্বিতীয় ইউনিট ‘ইছামতি ইন্ডাস্ট্রি লিমিটেড (ফুড এন্ড কনজ্যুমার)’-এর আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য খাতে এই নতুন ইউনিটের যাত্রা শুরু হয়। নতুন এই উদ্যোগকে কেন্দ্র করে শিল্পখাতে ইছামতি গ্রুপের সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে ইছামতি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আরফাত ছিদ্দিকী-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনফো বাংলার সম্পাদক ও প্রকাশক কল্যাণ চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোলায়মান মঞ্জিলের সাজ্জাদানশীল আশরাফুজ্জামান শাহ আমির ভান্ডারী এবং ইছামতি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোহাম্মদ হারুন ছিদ্দিকী। অনুষ্ঠানে শিল্প, ব্যবসা ও সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে মোঃ আরফাত ছিদ্দিকী বলেন, গ্রাহকদের আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মান বজায় রেখে খাদ্য ও কনজ্যুমার পণ্য উৎপাদনের লক্ষ্য নিয়ে ইছামতি ইন্ডাস্ট্রি লিমিটেডের যাত্রা শুরু হয়েছে। তিনি আরও বলেন, “ইছামতি গ্রুপ সবসময়ই গুণগত মান, স্বাস্থ্যসম্মত উৎপাদন এবং ভোক্তাদের সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়ে কাজ করে আসছে। এই নতুন ইউনিটের মাধ্যমে আমরা দেশের বাজারে নিরাপদ ও মানসম্মত পণ্য সরবরাহে আরও শক্ত অবস্থান তৈরি করতে চাই।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইছামতি ইন্ডাস্ট্রি লিমিটেডের ন্যাশনাল সেলস ম্যানেজার মাইন উদ্দিন সাগর ও প্রোডাকশন ম্যানেজার মোঃ মোকাররম। তারা বলেন, উন্নত উৎপাদন ব্যবস্থাপনা, আধুনিক যন্ত্রপাতি এবং দক্ষ জনবল ব্যবহারের মাধ্যমে ইছামতি ইন্ডাস্ট্রি লিমিটেডকে দেশের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। পাশাপাশি শক্তিশালী বিপণন কৌশল গ্রহণ করে ভোক্তাদের কাছে আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন তারা।
বক্তারা আরও উল্লেখ করেন, এই নতুন ইউনিট চালুর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে এবং দেশের খাদ্য ও কনজ্যুমার পণ্য শিল্পে ইতিবাচক অবদান রাখবে ইছামতি গ্রুপ। দেশীয় শিল্পের বিকাশে বেসরকারি খাতের এই ধরনের উদ্যোগ জাতীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে বলেও তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইছামতি ইন্ডাস্ট্রি লিমিটেড (ফুড এন্ড কনজ্যুমার)-এর উত্তরোত্তর সমৃদ্ধি, সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী প্রতিনিধি এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



