
চট্টগ্রামের নাছিরাবাদ এলাকার ওষখাইনীরি নুরীয়া বিষু দরবার শরীফে ১০ মে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প, যেখানে প্রায় ৬০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। পবিত্র ১৪ জিলক্বদ তারিখে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয় আউলাদে ছিদ্দিকে আকবর, গাউসুল অলি আলী রজা কানু শাহ (রাহ.)-এর বংশধর, হযরত খাজা দরবেশ মাওলা (রাহ.)-এর চান্দ্রবার্ষিক বেছাল শরীফ উপলক্ষে।
এই মানবিক উদ্যোগটি বাস্তবায়নে কাজ করে আশেকানে পাক পঞ্জেতন রজা নুরীয়া সুন্নিয়া ট্রাস্ট। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দরবার শরীফের সাজ্জাদানশীন শায়েখ মুহাম্মদ মঈনুদ্দীন নূরী সিদ্দিকী আল কোরাইশী। চিকিৎসা কার্যক্রমে মেডিসিন, হৃদরোগ, গাইনী, শিশু রোগ, বাত ব্যথা, অর্থপেডিক্স, মানসিক স্বাস্থ্য, চর্ম ও চক্ষু বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা দেন।
দিন শেষে এক বিশেষ সেমিনার আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা। তারা বলেন, “ওষখাইনীরি দরবার শুধু আধ্যাত্মিকতার স্থান নয়, এটি মানবিক সেবারও এক উজ্জ্বল নিদর্শন।” মিলাদ-কিয়াম ও দরবার শরীফের সাজ্জাদানশীনের মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।



