
চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় পুলিশের অভিযানে ১ কেজি ১৫৫ গ্রাম স্বর্ণ, ৫টি মোবাইল, ২টি ল্যাপটপ ও ১৩ কার্টন বিদেশি সিগারেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে পতেঙ্গা থানাধীন এয়ারপোর্ট মোড় এলাকায় একটি চেকপোস্টে সন্দেহভাজন গাড়ি তল্লাশি করে এসব মালামাল উদ্ধার করা হয়। অভিযান এবং গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
গ্রেপ্তার পাঁচজন হলেন—মোঃ তৌফিকুর রহমান সোহাগ (৩৭), মোঃ আকিদুল আলম শান্ত (২২), মোঃ হাসান মুরাদ (২৪), মোঃ নাইমুল হক (২০) এবং মোঃ মনির আহমেদ (৪৮)। পুলিশের তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে ওই রাতে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশির সময় চারজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয় এবং তাদের স্বীকারোক্তিতে পঞ্চম ব্যক্তি মনির আহমেদকে ১৫ নম্বর ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মালামালের বাজারমূল্য আনুমানিক এক কোটি ষাট লক্ষ টাকা। ওসি শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।



