
চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পান খেলা ও চাঁটগাইয়া সাংস্কৃতিক মেলা ১৪৩২ উপলক্ষে ৮ মে বৃহস্পতিবার সকাল ৯টায় সদরঘাটে আয়োজিত হয় বিশেষ পরিবেশ সচেতনতামূলক অনুষ্ঠান “বিনিসূতার মালা”। কর্ণফুলী নদী রক্ষা ও দূষণমুক্ত রাখার বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই অনুষ্ঠানে নদীপারের ঘাট, হাট ও বাজারে বসবাসকারী সাধারণ মানুষ এবং নৌযান ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা গড়ে তোলা হয়। ভাসমান মঞ্চে অনুষ্ঠিত এই ব্যতিক্রমী আয়োজনে বিশেষজ্ঞদের বক্তব্য ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নদীতে প্লাস্টিক বর্জ্য না ফেলা, নদী দখল বন্ধ এবং নদীকে জীবন্ত রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আলী আব্বাস। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবহন শ্রমিক দল চট্টগ্রাম মহানগরের সভাপতি মোহাম্মদ সোহাগ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্র সমন্বয়ক মোঃ জোবায়ের হোসেন। সভাপতিত্ব করেন সাংবাদিক ও পরিবেশবিদ মোহাম্মদ আলিউর রহমান এবং সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ মুসা মেম্বার, সভাপতি ইউনিয়ন জামায়াত। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চরপাথরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মীর্জা মোহাম্মদ ইসমাইল।
আয়োজকরা জানান, কর্ণফুলী নদীর গুরুত্ব এবং এর অস্তিত্ব রক্ষায় জনসচেতনতা বাড়ানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য। আগামী ৯ মে শুক্রবার কর্ণফুলী নদীতে তিন কিলোমিটার দীর্ঘ সাম্পান শোভাযাত্রা এবং ১০ মে চরপাথরঘাটায় সাম্পান খেলা ও চাঁটগাইয়া সাংস্কৃতিক মেলার মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই আয়োজনে নদী ও সংস্কৃতির মেলবন্ধনে চট্টগ্রামের লাখো মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।



