
চট্টগ্রাম কর্ণফুলী উপজেলায় বন্য হাতির আক্রমণে মাত্র তিন মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে শিশুটিকে, হাতির শুঁড়ের আঘাতে প্রাণ হারায় ছোট্ট শিশু। এ ঘটনায় শিশুটির মা গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বড় উঠান ইউনিয়নের শাহমীরপুর জমাদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. আরমান জাওয়াদ। সে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইব্রাহীমের ছেলে।
নিহত শিশুর বাবা মোহাম্মদ ইব্রাহীম বলেন, “হাতি আমার সন্তানকে মেরে ফেলল, আমার স্ত্রীও আহত, আমি চাই আর কারও জীবনে এমন ভয়ংকর ঘটনা না ঘটুক। প্রশাসন দ্রুত পদক্ষেপ নিক।”
শিশুটির মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। রোববার সকাল ৬টা থেকে তারা আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কের কেইপিজেড গেট এলাকায় সড়ক অবরোধ করেন। টানা সাত ঘণ্টা ধরে চলা এই অবরোধের ফলে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, কর্ণফুলী ও আনোয়ারা উপজেলায় দীর্ঘদিন ধরে বন্য হাতির আক্রমণের ঘটনা ঘটছে। বন বিভাগের কার্যকর উদ্যোগের অভাবে হাতির তাণ্ডব ক্রমশ বেড়ে চলেছে। বারবার অভিযোগ করা হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত জানান, “আমরা বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। বন্য হাতির আক্রমণ ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত বন্য হাতির আক্রমণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এমন ভয়াবহ ঘটনার শিকার হতে না হয়।



