
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সিআইডি ও ডিবি পুলিশের পরিচয়ে ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। প্রতারক চক্রটি জামায়াত-শিবির সংশ্লিষ্টতার মিথ্যা অভিযোগ তুলে ভুক্তভোগীদের কাছ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে দেড় লাখ টাকা আদায় করেছে। প্রতারণার শিকার গাউছিয়া কমিটির দুই নেতা, নুর মোহাম্মদ ও মো. খোরশেদ আলম, প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে প্রতারণার শিকার হয়েছেন বলে নিশ্চিত হন।
জানা যায়, ১৬ ও ১৮ ফেব্রুয়ারি প্রতারকরা ফোন করে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানায় এবং মামলা থেকে মুক্তি পেতে টাকা পাঠানোর নির্দেশ দেয়। আতঙ্কে তারা নির্দিষ্ট মোবাইল নাম্বারে দেড় লাখ টাকা পাঠান। তবে পরবর্তীতে সন্দেহ হলে বিষয়টি পুলিশ কমিশনারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট শাখায় লিখিত অভিযোগ করেন।
এ প্রসঙ্গে কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের ইন্সপেক্টর মো. আফতাব হোসেন জানান, মোবাইল ফিন্যান্সিং প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণার প্রবণতা বাড়ছে। প্রতারকরা সাধারণত ভুয়া পরিচয় দেয় এবং অন্যের নামে নিবন্ধিত সিম ব্যবহার করে। ফলে তাদের অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
এদিকে, মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মাহবুব আলম খান জানিয়েছেন, ডিবিতে এসআই আরিফ নামে কোনো কর্মকর্তা নেই এবং কর্ণফুলীতে সম্প্রতি ডিবি পুলিশের কোনো অভিযান পরিচালিত হয়নি। কেউ প্রতারিত হলে লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, কর্ণফুলী থানার ফেসবুক পেজে ১১ ফেব্রুয়ারি এক সতর্কবার্তা প্রকাশ করা হয়, যেখানে জানানো হয়, থানার নাম ব্যবহার করে কেউ যদি মামলা বা গ্রেপ্তারের ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, থানায় তালিকাভুক্ত করার ভয় দেখিয়ে যারা আর্থিক সুবিধা নিতে চায়, তাদের বিরুদ্ধেও দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জনগণকে এসব প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং সন্দেহজনক কোনো ফোন কল পেলে দ্রুত পুলিশের সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছে।



