
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ৫৭ শতাংশ। অন্যদিকে, ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ৬২ শতাংশ নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ঢাকা শিক্ষা বোর্ড কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির এ তথ্য জানান।
তিনি বলেন, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে প্রায় ১৮ দশমিক ৯৫ শতাংশ, যা শিক্ষাজগতে কিছুটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
চট্টগ্রাম বোর্ডে এবার মোট পরীক্ষার্থীর মধ্যে অর্ধেকেরও কম শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পেরেছেন। শিক্ষাবোর্ডের কর্মকর্তারা জানান, ইংরেজি ও পদার্থবিজ্ঞানে তুলনামূলক বেশি শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় সামগ্রিক পাসের হার কমে গেছে। অন্যদিকে, ঢাকা বোর্ডে ফলাফল তুলনামূলক ভালো হওয়ায় গড় সাফল্যে রাজধানী শীর্ষে অবস্থান নিয়েছে।
এছাড়া রাজশাহী বোর্ডে পাসের হার ৫৯.৪০ শতাংশ, কুমিল্লায় ৪৮.৮৬ শতাংশ, যশোরে ৫০.২০ শতাংশ, বরিশালে ৬২.৫৭ শতাংশ, সিলেটে ৫১.৮৬ শতাংশ, দিনাজপুরে ৫৭.৪৯ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে ৫১.৫৪ শতাংশ।
সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারছেন শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এই বছর পাসের হার কমলেও জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক স্থিতিশীল রয়েছে।
এমআইএইচ/আরবি।



